জম্মু-কাশ্মিরে সেনা অভিযানে নিহত ২ গেরিলা: বন্ধ ইন্টারনেট ও রেল
https://parstoday.ir/bn/news/india-i54806-জম্মু_কাশ্মিরে_সেনা_অভিযানে_নিহত_২_গেরিলা_বন্ধ_ইন্টারনেট_ও_রেল
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে ২ গেরিলা নিহত হয়েছে। আজ (শনিবার) সকালে কাশ্মির পুলিশের পক্ষ থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৪, ২০১৮ ১১:১৭ Asia/Dhaka
  • কাশ্মিরে সেনা অভিযানে নিহত ২ গেরিলা
    কাশ্মিরে সেনা অভিযানে নিহত ২ গেরিলা

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে ২ গেরিলা নিহত হয়েছে। আজ (শনিবার) সকালে কাশ্মির পুলিশের পক্ষ থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানানো হয়েছে।

গতকাল (শুক্রবার) রাতে দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলার দরু এলাকায় এক সংঘর্ষে গেরিলারা নিহত হয়।  নিহতদের কাছ থেকে এ কে ৪৭ রাইফেল ও অন্য অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।  

দরু এলাকায় গেরিলারা লুকিয়ে আছে শুক্রবার রাতে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু-কাশ্মির পুলিশ ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী যৌথভাবে ওই এলাকা ঘিরে ফেলে অভিযান চালায়। এসময় লুকিয়ে থাকা গেরিলারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। এতে দুই গেরিলা নিহত হয়।

এর আগে কুপওয়াড়াতে গত মঙ্গলবার থেকে ৪৮ ঘণ্টা বন্দুক যুদ্ধ শেষে পাঁচ গেরিলা ও নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যসহ মোট ১০ জন নিহত হয়েছিলেন।

এদিকে, অনন্তনাগে দুই গেরিলা নিহত হওয়ার পরে আজ সংশ্লিষ্ট এলাকায় সর্বাত্মক বনধ পালিত হয়েছে। স্থানীয় সূত্রে প্রকাশ, বনধের ফলে দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও গণপরিবহন ব্যবস্থা বন্ধ রয়েছে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইন্টারনেট পরিসেবা বাতিল করা হয়েছে। দক্ষিণ কাশ্মিরে রেল চলাচলও স্থগিত করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৪