ভারতের কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্য বেকারত্ব বাড়ছে : রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i54818-ভারতের_কেন্দ্রীয়_সরকারের_ভুল_নীতির_জন্য_বেকারত্ব_বাড়ছে_রাহুল_গান্ধী
ভারতের কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্য দেশটিতে বেকারত্ব বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মার্চ ২৪, ২০১৮ ১৭:৪৮ Asia/Dhaka

ভারতের কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্য দেশটিতে বেকারত্ব বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।

তিনি আজ (শনিবার) কর্ণাটকের মহিশুরে মহারানী আর্ট কলেজে ছাত্রীদের এক সমাবেশে  ভাষণ দেয়ার সময় এ মন্তব্য করেন।

রাহুল গান্ধী বলেন, ‘নীরব মোদি ব্যাংকের ২২ হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছেন। যদি ওই অর্থ গরীব মহিলাদের দেয়া হতো তাহলে অনেক লোকের জীবিকা অর্জন সম্ভব হতো। বিগত চার বছরে ভারতের কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্য বেকারত্ব বেড়েছে।’

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের সহ-অধিকর্তা ফারুক আহমেদ আজ রেডিও তেহরানকে বলেন, ‘মোদি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বেকারত্ব দূর করতে বছরে দু’কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রতি বছর কোনোভাবে মাত্র ৩৫/৪০ লাখ কর্মসংস্থান হচ্ছে !

‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ

 

দেশে বেকারত্ব দিন দিন বেড়েই চলেছে বলে রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন তা অত্যন্ত যথার্থ। দেশে অসহিষ্ণুতার আবহাওয়া তৈরি হচ্ছে। কেন্দ্রীয় সরকার কার্যত চরম অরাজকতার সৃষ্টি করছে। বেকার দুঃখ ঘোচাতে তারা ব্যর্থ হয়েছে। তাদের সমস্ত প্রতিশ্রুতি মিথ্যায় পর্যবসিত হয়েছে।’ 

কর্ণাটকের মহিশুরে মহারানী আর্ট কলেজে ছাত্রীদের এক সমাবেশ 

রাহুল বলেন, ‘পণ্য ও পরিসেবা কর (জিএসটি) এবং নোট বাতিলের মাধ্যমে ব্যবসায়ীদের কোমর ভেঙে দেয়া হয়েছে। স্বৈরাচারী মনোভাবের মাধ্যমে নোট বাতিলের মতো যে ভুল সিদ্ধান্ত নেয়া হয় তার প্রভাব গোটা ভারতে দেখা গেছে। প্রধানমন্ত্রী একতরফা সিদ্ধান্ত নেয়ায় নোট বাতিলের বিষয়টি রিজার্ভ ব্যাংকের গভর্নর, প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এবং অর্থমন্ত্রীকেও জানানো হয়নি।’

‘২০১৯ সালে যদি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার গঠন করে তাহলে জিএসটিতে পরিবর্তন এনে ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে’ বলেও রাহুল সকলকে আশ্বাস দেন।     

মুসলিম ছাত্রীর অনুরোধে তার সঙ্গে মোবাইলে সেলফি তুলছেন রাহুল  গান্ধী

 

রাহুল গান্ধী আজ ভাষণ দেয়ার সময় হিজাব পরিহিতা এক মুসলিম ছাত্রী তার সঙ্গে মোবাইলে সেলফি তোলার অনুরোধ করলে তিনি ভাষণ থামিয়ে সঙ্গে সঙ্গে তাতে রাজি হন। মঞ্চ থেকে নীচে নেমে এসে হাসিমুখে তার সঙ্গে ছবি তোলেন এবং এসময় অন্য ছাত্রীদের মধ্যেও রাহুলের সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায়। এ সংক্রান্ত একটি ভিডিও গণমাধ্যমে কার্যত ভাইরাল হয়ে উঠেছে।#     

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২৪