বিজেপি সমাজে বিদ্বেষ ছড়ায় কিন্তু কংগ্রেস ভ্রাতৃত্বের কথা বলে: রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i56426-বিজেপি_সমাজে_বিদ্বেষ_ছড়ায়_কিন্তু_কংগ্রেস_ভ্রাতৃত্বের_কথা_বলে_রাহুল_গান্ধী
ভারতের কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দলীয় ইস্তেহার প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আজ (শুক্রবার) ম্যাঙ্গালুরুতে এক সভায় তিনি কংগ্রেসের ইস্তেহারকে 'কর্ণাটকবাসীর মনের কথা' বলে অভিহিত করার পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
এপ্রিল ২৭, ২০১৮ ১৭:৫৮ Asia/Dhaka
  • কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী
    কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

ভারতের কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দলীয় ইস্তেহার প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আজ (শুক্রবার) ম্যাঙ্গালুরুতে এক সভায় তিনি কংগ্রেসের ইস্তেহারকে 'কর্ণাটকবাসীর মনের কথা' বলে অভিহিত করার পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করেন।

রাহুল বলেন, ‘এটা ওই ইস্তেহার নয়, যা তিন/চার জন মিলে বন্ধ কামরায় তৈরি করা হয়। আমাদের ইস্তেহার প্রত্যেক জেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলে তৈরি করা হয়েছে।’

রাহুল গান্ধীর দাবি, ঘোষণাপত্রে যা যা বলা হয়েছে, সব অক্ষরে অক্ষরে পালন করা হবে। এমনকি আগের বারের ইস্তাহারে দেয়া প্রতিশ্রুতির ৯৫ শতাংশই পূরণ করা হয়েছে।

নির্বাচনী ইস্তেহার হাতে রাহুল গান্ধী

বিজেপিকে টার্গেট করে রাহুল বলেন, ওদের মতো আমরা মানুষের ওপর নিজেদের দর্শন চাপিয়ে দিই না। বিজেপির কর্মসূচি মিথ্যা প্রতিশ্রুতি, গোপন করে রাখা দুর্নীতিতে ভরা থাকবে বলেও রাহুল বলেন।

তিনি বলেন, ‘বিজেপি সমাজে বিদ্বেষ ছড়ায় কিন্তু কংগ্রেস মানুষের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের কথা বলে। আমি কর্ণাটকের লোকদের এটা বলতে এসেছি যে, তাদের জন্য কোনটা ভালো। আমি এটা জানতে এসেছি যে, নিজেদের উন্নতির জন্য তারা কী ভাবছেন।’

ইস্তেহারে বছরে ১৫/২০ লাখ কর্মসংস্থানসহ প্রত্যেক শহরে রাজীব গান্ধীর নামে ক্লিনিক, গ্রামে গ্রামে ইন্দিরা ক্লিনিকস গড়ে ওঠার কথা বলা হয়েছে। নতুন প্রজন্মের ভোটারদের আকৃষ্ট করতে ১৮/২৩ বছর বয়সী তরুণ-তরুণীদের হাতে স্মার্ট ফোন তুলে দেয়ার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে।

রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফর নিয়ে কটাক্ষ করে বলেছেন, ‘আপনারা দেখবেন চীনে ডোকলাম ইস্যুতে মোদিজির মুখ থেকে একটি শব্দও বেরোবে না। এটাই হল ৫৬ ইঞ্চি বুকের ছাতি! ফাঁকা বুলি ও মিথ্যা প্রতিশ্রুতি।’

কর্ণাটকে ২২৪ আসনের জন্য আগামী ১২ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ হবে ১৫ মে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৭