ফিটনেস ইস্যুতে নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন রাহুল-তেজস্বী
-
রাহুল গান্ধী- নরেন্দ্র মোদি
ফিটনেস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী ও বিহারের সাবেক উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। আজ (বৃহস্পতিবার) তারা ওই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে রাহুল বলেছেন, আপনি ফিটনেস ইস্যুতে বিরাট কোহলির চ্যালেঞ্জ নিয়েছেন। এবার আমার চ্যালেঞ্জ নিয়ে দেখান। পেট্রোল–ডিজেলের দাম কমান, অন্যথায় দেশজুড়ে আন্দোলন শুরু করবে কংগ্রেস। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম।’
অন্যদিকে, বিহারের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, আমরা বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ স্বীকারের বিরুদ্ধে নই। আমি যুবকদের কর্মসংস্থান, কৃষকদের সমস্যা দূর করা এবং দলিত ও সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানাচ্ছি। নরেন্দ্র মোদি কি প্রকাশ্যে এই চ্যালেঞ্জ স্বীকার করবেন?’
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ফিটনেস সংক্রান্ত একটি চ্যালেঞ্জ গ্রহণ করার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরাট কোহলি ফিটনেস সংক্রান্ত একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে। কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী কোহলির সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ভিডিও আপলোড করার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। এরপর থেকেই বিরোধীরা বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। ভারতে বর্তমানে জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া হওয়ায় বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার।
এদিকে, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে আজ (বৃহস্পতিবার) গোয়াতে কংগ্রেস নেতারা ঘোড়ার গাড়ি চড়ে প্রতিবাদ জানান। কংগ্রেস নেতারা মুখ্যমন্ত্রীর দফতরে স্মারকলিপি দিয়ে তেলের মূল্য বৃদ্ধি রোধ করার দাবি জানিয়েছেন। মূল্যবৃদ্ধিতে সরকারের নীতি জনবিরোধী ও অসংবেদনশীল বলেও তারা কংগ্রেস নেতারা অভিযোগ করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৪