জম্মু-কাশ্মিরে ৪ বছরে ৬১৯ 'সন্ত্রাসী' নিহত হয়েছে: রাজনাথ সিং
-
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গত চার বছরে (২০১৪-২০১৭) জম্মু-কাশ্মিরে ৬১৯ 'সন্ত্রাসী' নিহত হয়েছে। কেন্দ্রীয় সরকারের চার বছরের সাফল্য তুলে ধরতে গিয়ে গতকাল (মঙ্গলবার) তিনি ওই মন্তব্য করেন।
কেন্দ্রীয় সরকার বিগত চার বছরে অভ্যন্তরীণ ও বাইরের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়েছে বলে রাজনাথ সিং মন্তব্য করেন। তিনি অবশ্য ওই সময়ের মধ্যে সীমান্তে কত জওয়ান নিহত হয়েছেন সে সম্পর্কে কিছু জানাতে পারেননি।
রাজনাথ বলেন, ‘যদি আমরা বিগত সরকারের শেষ চার বছর ও বর্তমান সরকারের প্রথম চার বছরের তুলনা করি তাহলে সকলেই বুঝতে পারবেন আমরা দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপোশ করিনি। ২০১৪/২০১৭ বিগত চার বছরে সন্ত্রাসী ঘটনায় মোট ৬১৯ জন নিহত হয়েছে। কিন্তু বিগত সরকারের শেষ চার বছরে ওই সংখ্যা মাত্র ৪৭১ ছিল।’
বিগত চার বছরে সন্ত্রাসী ঘটনায় কত জওয়ান নিহত হয়েছেন- এই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে রাজনাথ বলেন, ‘আমরা একথা অস্বীকার করতে পারি না যে সন্ত্রাসী ঘটনায় জওয়ানরা নিহত হয়নি। কিন্তু আমাদের সরকার ক্ষমতায় আসার পর জওয়ানরা নিহত হলে আর্থিক সহায়তা পঞ্চাশ লাখ টাকা থেকে বাড়িয়ে এক কোটি টাকা করা হয়েছে। যদিও টাকা দিয়ে শহীদের মূল্য দেয়া যায় না।’
পূর্বোত্তর ভারতে সহিংসতা ও মাওবাদী সমস্যার কথা উল্লেখ করে রাজনাথ সিং বলেন, কেন্দ্রীয় মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে অনুপ্রবেশের ঘটনা অনেক কমে গেছে। ১৯৯৭ থেকে ২০১৭ পর্যন্ত পূর্বত্তোরে অনুপ্রবেশের ঘটনা ৮৫ শতাংশ কমে গেছে। বিগত সরকারের শেষ চার বছরে মাওবাদী ঘটনা ২ হাজার ৪১৮ টি হলেও বর্তমান সরকারের প্রথম চার বছরে মাত্র ১ হাজার ৪৮১টি ঘটনা ঘটেছে।
অন্য এক প্রশ্নের জবাবে রাজনাথ বলেন, রমজানের পবিত্র মাসকে লক্ষ্য রেখে জম্মু-কাশ্মিরে অভিযান বন্ধ রাখা হয়েছে, যুদ্ধবিরতি নয়। সন্ত্রাসী ঘটনা ঘটলে সেনাবাহিনীর হাত বাধা নেই। সন্ত্রাসী হামলায় প্রয়োজনে সমুচিত জবাব দেয়া হবে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩০