কাশ্মিরে সংঘর্ষ বিরতি প্রত্যাহার, ফের অভিযান চালানোর নির্দেশ দিলেন রাজনাথ
-
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মির থেকে সংঘর্ষ বিরতি প্রত্যাহার করেছে। আজ (রোববার) ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করে গেরিলাদের বিরুদ্ধে ফের অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পুনরায় চালু হয়েছে।
রমজান মাসকে কেন্দ্র করে গত ১৭ মে কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মিরে গেরিলাদের বিরুদ্ধে অভিযান স্থগিত করার নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশের পর গেরিলাদের বিরুদ্ধে ‘অপারেশন অল আউট’ কর্মসূচি স্থগিত হয়ে যায়। জম্মু-কাশ্মির রাজ্য সরকার ও বিরোধীদলের পক্ষ থেকে সরকারি ওই সিদ্ধান্তকে ব্যাপকভাবে স্বাগত জানানো হয়।
রমজান শেষে ঈদের পরেও সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে বিভিন্নমহলে জল্পনা সৃষ্টি হয়েছিল। কিন্তু সম্প্রতি সেখানে গেরিলাদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় সরকার সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়নি।
রাজনাথ বলেন, ‘উপত্যকায় শান্তির জন্য আমরা ওই ঘোষণা দিয়েছিলাম। পবিত্র রমজান মাসে মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য কেন্দ্রীয় সরকার ওই সিদ্ধান্ত নিয়েছিল। এখন আমরা নিরাপত্তা বাহিনীকে বলেছি তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিতে চায় তা নিক। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করুক। সরকার উপত্যকায় শান্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে।’
তিনি বলেন, ‘রমজান মাসে নিরাপত্তা বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু সন্ত্রাসী ও দুর্বৃত্তরা তাদের উসকানি দেয়ার যথাসম্ভব প্রচেষ্টা চালিয়েছে। এখন নিরাপত্তা বাহিনী আগের মতো সন্ত্রাসীদের মোকাবিলা করবে।’
রমজান মাসে সংঘর্ষ বিরতি ঘোষণার পর থেকে ২৯ দিনে ছোটবড় ৫৯টি গেরিলা হামলার ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে ২০টি গ্রেনেড হামলা হয়। রমজান মাসের আগে বিগত ২৯ দিনে গেরিলা হামলার সংখ্যা ছিল ১৯টি।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৭