কাশ্মির উপত্যকায় সর্বাত্মক সর্বাত্মক বনধ পালিত, জনজীবন বিপর্যস্ত
https://parstoday.ir/bn/news/india-i65129-কাশ্মির_উপত্যকায়_সর্বাত্মক_সর্বাত্মক_বনধ_পালিত_জনজীবন_বিপর্যস্ত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির উপত্যকায় আজ সর্বাত্মক বনধ পালিত হয়েছে। যৌথ প্রতিরোধ নেতৃত্বের আহ্বানে বনধ পালিত হয়। শ্রীনগরের ফতেহকদল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) বনধের ফলে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৮, ২০১৮ ১১:৪৮ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে সর্বাত্মক বনধ পালিত
    জম্মু-কাশ্মিরে সর্বাত্মক বনধ পালিত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির উপত্যকায় আজ সর্বাত্মক বনধ পালিত হয়েছে। যৌথ প্রতিরোধ নেতৃত্বের আহ্বানে বনধ পালিত হয়। শ্রীনগরের ফতেহকদল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) বনধের ফলে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বনধকে কেন্দ্র করে কাশ্মির উপত্যকাজুড়ে সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গোলযোগের আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডাউনটাউন শ্রীনগর এলাকার ঐতিহাসিক জামিয়া মসজিদ বন্ধ রাখা হয়েছে। শ্রীনগরে ইন্টারনেট পরিসেবা স্থগিত করা হয়েছে।  বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বিধিনিষেধ আরোপের পাশপাশি অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

শ্রীনগর ফতেহকদল এলাকায় গতকাল (বুধবার) নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে এক বেসামরিক ব্যক্তি ও দুই গেরিলা নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে হুররিয়াত কনফারেন্সের প্রধান সাইয়্যেদ আলীশাহ গিলানী, মীরওয়াইজ ওমর ফারুক ও মুহাম্মদ ইয়াসীন মালিকের সমন্বিত যৌথ প্রতিরোধ নেতৃত্বের আহ্বানে আজ বনধের ডাক দেয়া হয়। সাফাকদল এলাকার ওই ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন কমল কিশোর নামে পুলিশের এক কনস্টেবল নিহত হন।

এদিকে, বেসামরিক ব্যক্তি ও গেরিলাদের নিহত হওয়ার ঘটনায় আজ কাশ্মির বিশ্ববিদ্যালয়র ছাত্ররা জাকুরা ক্যাম্পাস এলাকায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। প্রতিবাদী ছাত্ররা নিহতদের উদ্দেশ্যে আজ গায়েবানা জানাজা আদায় করেন।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৮