জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২ গেরিলা, বন্ধ ইন্টারনেট
https://parstoday.ir/bn/news/india-i65277-জম্মু_কাশ্মিরে_নিরাপত্তা_বাহিনীর_সঙ্গে_সংঘর্ষে_নিহত_২_গেরিলা_বন্ধ_ইন্টারনেট
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের নওগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অজ্ঞাত ২ গেরিলা নিহত ও নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য আহত হয়েছে। আজ (বুধবার) ভোরে ওই হতাহতের ঘটনা ঘটে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৪, ২০১৮ ১২:২৩ Asia/Dhaka
  • জম্মু কাশ্মিরে সেনা-গেরিলা সংঘর্ষ: নিহত ২
    জম্মু কাশ্মিরে সেনা-গেরিলা সংঘর্ষ: নিহত ২

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের নওগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অজ্ঞাত ২ গেরিলা নিহত ও নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য আহত হয়েছে। আজ (বুধবার) ভোরে ওই হতাহতের ঘটনা ঘটে।

মধ্য কাশ্মির পুলিশের ডিআইজি ভি কে বিরদি ওই তথ্য নিশ্চিত করেছেন।   তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আজ যৌথ বাহিনী অভিযান চালানোর সময় প্রতিবাদী জনতা সড়কে নেমে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এদিকে, ওই ঘটনার পরে কর্তৃপক্ষ শ্রীনগর ও বডগামে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দিয়েছে। শ্রীনগর জেলায় স্কুল-কলেজও বন্ধ ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত ২টা নাগাদ সেনা, আধাসেনা ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়।  এসময় লুকিয়ে থাকা গেরিলারা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। 

অন্যদিকে, নওগামে প্রতিবাদী তরুণরা সড়কে নেমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে স্লোগান দেয়াসহ পাথর নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। নিরাপত্তা বাহিনী এসময় পেলেটগান ব্যবহারের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে মারমুখী জনতাকে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ওই ঘটনায় বেশকিছু মানুষ আহত হয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৪