রাফায়েল চুক্তির জেরে সিবিআই অধিকর্তাকে অপসারণ করেছেন ‘চৌকিদার’: রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, রাফায়েল চুক্তি নিয়ে প্রশ্ন উত্থাপন করা কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই অধিকর্তাকে অপসারণ করেছেন ‘চৌকিদার’। আজ (বুধবার) বিজেপিশাসিত রাজস্থানে এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় রাহুল ওই মন্তব্য করেন।
রাহুল আজ বলেন, ‘গতকাল রাতে ‘চৌকিদার’ সিবিআই অধিকর্তাকে অপসারণ করেছেন কারণ সিবিআই অধিকর্তা রাফায়েল নিয়ে প্রশ্ন উত্থাপন করেছিলেন।’
ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে জোরালো অভিযোগ তোলা হয়েছে।
রাহুল আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় বলেন, ‘সিবিআই প্রধান অলোক বর্মা রাফায়েল দুর্নীতি ইস্যুতে নথিপত্র জোগাড় করছিলেন। সেজন্য তাকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর বার্তা খুব স্পষ্ট, রাফায়েলের আশেপাশে এলে তাকে অপসারণ করা হবে, না হয় শেষ করে দেয়া হবে। দেশ ও সংবিধান আজ বিপন্ন।’
রাহুল গান্ধী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের অনুকরণে তাকে কটাক্ষ করে বলেন, ‘বন্ধুরা আমাকে প্রধানমন্ত্রী বানাবেন না, আমাকে ‘চৌকিদার’ বানাবেন। চৌকিদার ৫২৬ কোটি টাকার যুদ্ধবিমানকে ১ হাজার ৬০০ কোটি টাকায় ক্রয় করেছেন। চৌকিদার (শিল্পপতি) অনিল আম্বানির পকেটে ত্রিশ হাজার কোটি টাকা দিয়েছেন।’
রাহুল আজ বলেন, ‘প্রধানমন্ত্রী ২ কোটি বেকারের চাকরি দেয়ার কথা বলেছিলেন। কিন্তু কারো কর্মসংস্থান হয়নি। পাঁচ বছরে মোদিজি কৃষকের এক টাকাও ঋণ মওকুফ করেননি। ৩৫ হাজার কোটি টাকা নিয়ে নীরব মোদি, মেহুল চোকসিরা বিদেশে পালিয়ে গেছেন।’
(বিজেপিশাসিত) রাজস্থান সরকার ২৫ হাজার স্কুল বন্ধ করার মধ্য দিয়ে শিক্ষার অধিকার কেড়ে নিয়েছে বলেও রাহুল গান্ধী আজ অভিযোগ করেন।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৩
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন