মধ্য প্রদেশের বিজেপি সরকারকে ছুঁড়ে ফেলার ডাক দিলেন রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i66082-মধ্য_প্রদেশের_বিজেপি_সরকারকে_ছুঁড়ে_ফেলার_ডাক_দিলেন_রাহুল_গান্ধী
ভারতের বিজেপিশাসিত মধ্য প্রদেশ সরকারকে ছুঁড়ে ফেলার ডাক দিলেন প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। আজ (শনিবার) তিনি মধ্য প্রদেশের সাগরে এক নির্বাচনি জনসভায় উপস্থিত ভোটার ও জনতার উদ্দেশ্যে ওই আহ্বান জানান।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
নভেম্বর ২৪, ২০১৮ ১৯:৩২ Asia/Dhaka
  • কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী
    কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

ভারতের বিজেপিশাসিত মধ্য প্রদেশ সরকারকে ছুঁড়ে ফেলার ডাক দিলেন প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। আজ (শনিবার) তিনি মধ্য প্রদেশের সাগরে এক নির্বাচনি জনসভায় উপস্থিত ভোটার ও জনতার উদ্দেশ্যে ওই আহ্বান জানান।

রাহুল গান্ধী বলেন, মধ্য প্রদেশের জনতা (মুখ্যমন্ত্রী) শিবরাজ সিং চৌহানকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ না করে তাঁকে কটাক্ষ করে রাহুল বলেন, ‘কয়েক মাস বাদেই ৫৬ ইঞ্চি ছাতিওয়ালা চৌকিদারের) সরকারও দেশের ক্ষমতা থেকে বিদায় নিতে চলেছে।’

বিভিন্ন রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী দুর্নীতিতে লিপ্ত হয়েছে অভিযোগ করে রাহুল বলেন, রাজস্থানের মুখ্যমন্ত্রীর ছেলে ললিত মোদির (আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত ও বিদেশে পলাতক) কাছ থেকে অর্থ নিয়েছেন। ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীর ছেলের নাম পানামা পেপারে এসেছে, এখানে (মুখ্যমন্ত্রী)  শিবরাজ সিং চৌহান ব্যাপম, ডাম্পার দুর্নীতি ও ই-টেন্ডার দুর্নীতিতে আছেন।’

তিনি বলেন, ‘আমি যখন ভুল করে পানামা পেপারে শিবরাজ সিংয়ের ছেলের নাম আছে বলেছিলাম, তখন দ্রুত আমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু যখন, ব্যাপম, ডাম্পার ও ই-টেন্ডার দুর্নীতির কথা তুলে ধরেছি তখন মানহানির মামলা করা হল না কেন?’ ব্যাপম দুর্নীতির ফায়দা আরএসএসের লোকেরা ও শিবরাজ সিং চৌহানের পরিবার পেয়েছে বলেও রাহুল অভিযোগ করেন।  

কংগ্রেস সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি বছরে দু’কোটি বেকারের চাকরি ও প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পনের লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি পালন করেননি।’    

মধ্য প্রদেশে পনের বছর ধরে ক্ষমতার বাইরে থাকা কংগ্রেস দল এবার ক্ষমতাসীন হওয়ার জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, ক্ষমতাসীন বিজেপি তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৪