বিজেপি রাজনৈতিকভাবে এবার ভারত থেকে বিদায় নেবে: মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘ওদের একটাই কাজ তৃণমূলের বিরোধিতা করা ও হিন্দু-মুসলিমের মধ্যে দাঙ্গা বাধানো।’ আজ (বুধবার) পুরুলিয়ার বলরামপুরে এক সভায় তিনি ওই মন্তব্য করেন।
মমতা বলেন, ‘ওদের একটাই কাজ তৃণমূলের বিরুদ্ধে মানুষকে বলা, হিন্দু-মুসলিমের মধ্যে দাঙ্গা বাধানো, আদিবাসী-মাহাতোদের আলাদা করে দেয়া, শিখ-খ্রিস্টান আলাদা করে দেয়া। অসমে বাঙালি খেদাও, গুজরাটে বিহারী খেদাও।’
মমতা বলেন, ‘কেউ কেউ ঝাড়খন্ড থেকে এখানে এসে ‘গেরুয়া ফেট্টি বাঁধছে। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারা গোঁসাই।’
সিপিএম এখন বিজেপি’র দিকে ঝুঁকে পড়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা আগে ‘লাল’ জামা পরতেন তাঁরা এখন ‘গেরুয়া’ জামা পরছেন। একদিকে ‘রাম’ আর একদিকে ‘বাম’। একদিকে জগাই আর একদিকে মাধাই আর অন্যদিকে বিজেপি হল বিদায়।
মমতা বলেন, ‘নির্বাচন এলে সিপিএম একটু বেশি ঘেউ ঘেউ করে কারণ, কিছু ক্ষমতা নেই। সব সাইনবোর্ড হয়ে গুটিয়ে গেছে। ওরা এখন বিজেপির সাইনবোর্ড লিখছে। দু’দিন পরে সেটাও গুটিয়ে যাবে।’
পশ্চিমবঙ্গে উন্নত চিকিৎসা পরিসেবার কথা উল্লেখ করে মমতা বলেন, ‘ঝাড়খণ্ড, বিহার, অসম, ত্রিপুরার মানুষজন তাদের নিজের রাজ্যে বিনামূল্যে চিকিৎসা পায় না বলে, বাংলায় চিকিৎসা করাতে আসেন। এমনকি বাংলাদেশ থেকেও চিকিৎসা করাতে মানুষ এখানে আসেন।’
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ছিল, আছে ও থাকবে বলে মন্তব্য করে তিনি বলেন, আগামী দিনে ভারতের কেন্দ্রীয় সরকার গড়তে তৃণমূল কংগ্রেস বৃহত্তর ভূমিকা পালন করবে এবং সবাইকে নিয়ে একসঙ্গে দেশবাসীকে রক্ষা করবে।
মমতা বলেন, বিজেপি রাজনৈতিকভাবে এবার ভারত থেকে বিদায় নেবে। ঝাড়খণ্ডেও আগামী দিনে বিজেপি সরকার গড়তে পারবে না। বিজেপি বিহারে, উত্তর প্রদেশ, রাজস্থানেও জিতবে না। তামিলনাড়ুতে, কর্ণাটক, কেরালায়ও আসন পাবে না। বাংলায় বিজেপি এবার ‘জিরো’ হবে।
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ও সামাজিক সংগঠন ‘সর্বভারতীয় নবচেতনা’র সাধারণ সম্পাদক ফারুক আহমেদ আজ (বুধবার) রেডিও তেহরানকে বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী আজ পুরুলিয়ায় যে ভাষণ দিয়েছেন, তাঁকে আমরা দেশপ্রেমী, আদর্শ নাগরিক হিসেবে সমর্থন করছি। তিনি যথাযথ ও উপযুক্ত কথা বলেছেন। গোটা দেশজুড়ে যেভাবে অসহিষ্ণুতা বেড়ে চলেছে, কেন্দ্রীয় সরকার গোটা দেশবাসীকে যেভাবে বিপথে চালিত করেছে, সেই সরকারের আর নেই দরকার। আগামী ২০১৯ সালের সাধারণ নির্বাচনে জনগণ এই সরকারের পতন সুনিশ্চিত করবে তাতে কোনও সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী বিজেপি’র বিরুদ্ধে রুখে দাঁড়ালে মানুষ তাঁকে সমর্থন করবে। বিজেপি রাজনৈতিকভাবে এবার ভারত থেকে বিদায় নেবে বলে তিনি যা বলেছেন তা অত্যন্ত যথার্থ। মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানাচ্ছি।’#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৮