এনআরসি থেকে কোনও ভারতীয় নাগরিকের নাম বাদ পড়বে না: মোদি
https://parstoday.ir/bn/news/india-i67095-এনআরসি_থেকে_কোনও_ভারতীয়_নাগরিকের_নাম_বাদ_পড়বে_না_মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 'জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে কোনও ভারতীয় নাগরিকের নাম বাদ পড়বে না।' তিনি আজ (শুক্রবার) অসমের শিলচরে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ০৪, ২০১৯ ১৫:৪২ Asia/Dhaka
  • অসমের শিলচরে নরেন্দ্র মোদি
    অসমের শিলচরে নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 'জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে কোনও ভারতীয় নাগরিকের নাম বাদ পড়বে না।' তিনি আজ (শুক্রবার) অসমের শিলচরে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

নরেন্দ্র মোদি বলেন, ‘আমি আপনাদের আশ্বাস দিতে চাই যে, কোনও ভারতীয় নাগরিকের নাম জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়বে না। এনআরসি প্রক্রিয়া চলাকালীন আপনাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে, যা আমি বুঝতে পারি। সনোওয়াল (অসমের মুখ্যমন্ত্রী) সরকার সব চ্যালেঞ্জ সত্ত্বেও এনআরসি পূরণের চেষ্টা করছে। আমরা এনআরসি প্রক্রিয়া সহজ করার জন্য সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছিলাম। আমাদের সরকার নাগরিকত্ব সংশোধনী বিল নিয়েও এগিয়ে যাচ্ছে। এই বিল মানুষের অনুভূতি এবং তাদের জীবনের সাথে সম্পর্কিত। আমি আশা করি এই বিল শিগগিরি সংসদে পাস হবে এবং যারা ভারত মাতায় বিশ্বাস রাখে তাদের স্বার্থ সুরক্ষিত হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ভোটের জন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আমরা আপোশ করতে দেবো না, এতে কারো সন্দেহ থাকা উচিত নয়। অসমের প্রত্যেক যুবক, দেশের তরুণরা দুর্নীতিমুক্ত নতুন ভারত চায়। ভিআইপি সংস্কৃতি মুক্ত এক স্বচ্ছ ব্যবস্থাপনা চায়।’ সবার সঙ্গে সকলের উন্নয়নের জন্য বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উল্লেখ করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৪  

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন