নাগরিকত্ব বিল এনে বিজেপি ধর্মের ভিত্তিতে দেশভাগ করতে চাচ্ছে: তরুণ গগৈ
https://parstoday.ir/bn/news/india-i67238-নাগরিকত্ব_বিল_এনে_বিজেপি_ধর্মের_ভিত্তিতে_দেশভাগ_করতে_চাচ্ছে_তরুণ_গগৈ
ভারতের অসমের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা তরুণ গগৈ নাগরিকত্ব সংশোধনী বিল প্রসঙ্গে বলেছেন, ‘জিন্নাহর পদাঙ্ক অনুসরণ করে ফের ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে চাচ্ছে বিজেপি। ধর্মনিরপেক্ষ দেশে ফের হিন্দু-মুসলিম মানসিকতা উসকে দিতে চাচ্ছে তারা।’ গতকাল (বুধবার) অসমের গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ১০, ২০১৯ ১৪:৩৪ Asia/Dhaka

ভারতের অসমের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা তরুণ গগৈ নাগরিকত্ব সংশোধনী বিল প্রসঙ্গে বলেছেন, ‘জিন্নাহর পদাঙ্ক অনুসরণ করে ফের ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে চাচ্ছে বিজেপি। ধর্মনিরপেক্ষ দেশে ফের হিন্দু-মুসলিম মানসিকতা উসকে দিতে চাচ্ছে তারা।’ গতকাল (বুধবার) অসমের গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।

তরুণ গগৈ বলেন, ‘অসম চুক্তি অনুযায়ী ১৯৭১ সালের ২৪ মার্চ মধ্য রাতের পরে যারাই ভারতে এসেছেন তারা সকলেই বিদেশি। কিন্তু কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার ঐতিহাসিক ওই চুক্তি নস্যাৎ করে জোর করে নাগরিকত্ব বিল চাপিয়ে দিতে চাচ্ছে। ভারতীয় জনগণ ধর্মনিরপেক্ষ সংবিধানের পরিপন্থী ওই বিল কোনোভাবেই মানবে না।’  

তিনি বলেন, ‘বিজেপি এখন বাংলাদেশিদের দল হয়ে গেছে। দুমুখো নীতি নিয়েছে তারা। নাগরিকত্ব সংশোধনী বিল পাস করিয়ে বিভেদের রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার।’ নাগরিকত্ব বিল নিয়ে অসম অশান্ত হয়ে উঠেছে। অসম অশান্ত হলে বিদেশি রাষ্ট্র তার সুযোগ নেবে বলেও তরুণ গগৈ বলেন।

শেরমান আলী আহমেদ

এ প্রসঙ্গে আজ (বৃহস্পতিবার) অসমের বিধায়ক ও বিশিষ্ট কংগ্রেস নেতা শেরমান আলী আহমেদ রেডিও তেহরানকে বলেন, ‘ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংবিধান অনুযায়ী ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেয়া সংবিধান বিরোধী বিষয়। এটা হতে পারে না।’   

তিনি বলেন, ‘অসমের জনগণ যে আশা করে বিজেপিকে ভোট দিয়েছিল, তা ব্যর্থ হয়েছে। সকলেই হতাশ হয়েছেন। এখন ওদের জনসমর্থন না থাকায় পায়ের তলায় মাটি নেই।’ আগামী লোকসভা নির্বাচন ও রাজ্য বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়বে এবং বিজেপি শেষ হয়ে যাবে বলেও বিধায়ক শেরমান আলী আহমেদ বলেন।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন