মোদি সরকার আরএসএসের ইঙ্গিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে: রাহুল
https://parstoday.ir/bn/news/india-i67596-মোদি_সরকার_আরএসএসের_ইঙ্গিতে_গণতান্ত্রিক_প্রতিষ্ঠান_ধ্বংস_করছে_রাহুল
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, মোদি সরকার আরএসএসের ইঙ্গিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করছে। তিনি আজ (শুক্রবার) উড়িষ্যার ভুবনেশ্বরে এক সভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ২৫, ২০১৯ ১৭:৩৮ Asia/Dhaka
  • কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী
    কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, মোদি সরকার আরএসএসের ইঙ্গিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করছে। তিনি আজ (শুক্রবার) উড়িষ্যার ভুবনেশ্বরে এক সভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

রাহুল গান্ধীর অভিযোগ, মোদি সরকারের সব মন্ত্রণালয় আসলে নাগপুর থেকে নিয়ন্ত্রণ করে আরএসএস। তিনি বলেন, ‘দিল্লির মন্ত্রীরা তো নিজেরাই বলেন নাগপুর থেকে নিয়োগ করা অফিসারস অন স্পেশাল ডিউটি  রয়েছেন তাদের সঙ্গে।’

রাহুল বলেন, ‘বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সব জায়গায় আরএসএসের ছাপ স্পষ্ট, তারা দেশের সব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে চাচ্ছে।’

রাহুল গান্ধী মোদি সরকারের সমালোচনা করলেন

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে বিজেপি ও আরএসএসের করা মন্তব্যগুলোই রাজনৈতিক মানুষ হিসেবে আমার সবচেয়ে বড় পাওনা। নরেন্দ্র মোদি যখন আমার বিরুদ্ধে কিছু বলেন, ওনাকে দেখে আমার আলিঙ্গন করতে ইচ্ছা করে। আমরা একে অপরের বিরুদ্ধে মতপোষণ করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আমি সংগ্রাম চালিয়ে যাব এবং অবশ্যই চেষ্টা করব যাতে উনি আর প্রধানমন্ত্রীত্ব না পান। কিন্তু আমি ওনাকে ঘৃণা করি না। আমরা মানুষকে ঘৃণা করতে শিখিনি।’

তিনি বলেন, ‘আমরা একটি প্রগতিশীল প্রক্রিয়া মেনে চলি। আমরা মানুষের কথা শুনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন,  তিনি একাই সবকিছু  জানেন। সেজন্য বিজেপি জনগণের প্রতিক্রিয়ার কোনো সুযোগ দেয় না।’ এটাই কংগ্রেসের সঙ্গে বিজেপির মৌলিক পার্থক্য বলেও রাহুল মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৫