অসমে বিস্ফোরণ মামলায় এনডিএফবি প্রধানসহ ১৫ জন দোষী সাব্যস্ত
-
এনডিএফবি প্রধান রঞ্জন দৈমারি (মাঝে)
ভারতের অসমে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় জঙ্গি সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বড়োল্যান্ডের (এনডিএফবি) প্রধান রঞ্জন দৈমারিসহ ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছে বিশেষ সিবিআই আদালত। আগামী বুধবার দোষীদের বিরুদ্ধে সাজা ঘোষণা হবে।
কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এন এস যাদব দোষী সাব্যস্ত হওয়া প্রত্যেকের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন। একইভাবে সরকারি আইনজীবী টি ডি গোস্বামীও দোষীদের মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানিয়েছেন।
আজ (সোমবার) বিশেষ সিবিআই আদালতের বিচারপতি অপরেশ চক্রবর্তী এব্যাপারে এনডিএফবি প্রধান রঞ্জন দৈমারিসহ জর্জ বড়ো, জয়ন্ত ব্রহ্মা, অজয় বসুমাতারি, প্রভাত বড়ো, রাজু সরকার, খড়্গেশ্বর বসুমাতারি, রাজেন গয়ারি, বি থরাই ওরফে বৈসাগ, লোকো বসুমাতারি, মাথুরাম ব্রহ্ম, আনসাই বড়ো এবং ইন্দ বড়োসহ পনের জনকে দোষী সাব্যস্ত করেন।

২০০৮ সালের ৩০ অক্টোবর গুয়াহাটির গণেশগুড়ি, পানবাজার, কাছারি, বরপেটা, কোকরাঝাড় এবং বঙ্গাইগাঁওতে একসঙ্গে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয়। ভয়াবহ ওই ঘটনায় কমপক্ষে ৯০ জন নিহত প্রায় পাঁচশ’ জন আহত হয়েছিলেন। ওই বিস্ফোরণের নেপথ্যে এনডিএফবি জঙ্গি গোষ্ঠী জড়িত রয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তদন্তে স্পষ্ট হয়। আগামী ৩০ জানুয়ারি দোষীদের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে বিশেষ সিবিআই আদালত।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৮
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন