পাকিস্তানকে ভয় পাই না, দুর্নীতিগ্রস্তদের ভয়েও ভীত নই: মোদি
-
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি পাকিস্তানের ভয় পান না এবং দুর্নীতিগ্রস্তদের ভয়েও ভীত নন। প্রধানমন্ত্রী আজ (বুধবার) কর্ণাটকে এক জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
বিরোধীদলীয় জোটের সমালোচনা করে মোদি বলেন, ‘আমি দেশ থেকে দুর্নীতির অবসান করার চেষ্টা করছি। দেশবাসী আমাকে শক্তি দিয়েছে এজন্য ওদের ভয়ে ভীত নই এবং পাকিস্তানকেও ভয় পাই না।’ যতক্ষণ কেন্দ্রীয় সরকারে মোদি থাকবে চোরেদের দোকান বন্ধ থাকবে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের সমালোচনা করে বলেন, ‘সমস্ত বিরোধী দল কেবল মোদির অপসারণের জন্য জড়ো হচ্ছে। ওঁরা দিনরাত একই কাজ করছে ‘মোদি হটাও-মোদি হটাও’। কিন্তু ওঁরা শুনে নিন এবং দেশবাসীও এসব লোকেদের বার বার বুঝে নিন। ওঁরা একত্রিত হচ্ছে মোদিকে হটানোর জন্য। কিন্তু মোদি চেষ্টা করছে সন্ত্রাস নির্মূল করার জন্য। দেশ থেকে সন্ত্রাস নির্মূল হওয়া প্রয়োজন। দেশ থেকে দরিদ্রতা দূর হওয়া উচিত। দেশ থেকে দুর্নীতির অবসান হওয়া প্রয়োজন। সেই উদ্দেশ্যেই আমি কাজ করছি।’
মোদি বলেন, ওঁরা দুর্নীতি চায়। কিন্তু মোদি কখনও তা হতে দেবে না। ওঁরা জানে যে কেন্দ্রে একটি শক্তিশালী সরকার আছে, সেজন্য তারা এখন একটি দুর্বল সরকার খুঁজছে বলেও তিনি মন্তব্য করেন। #
পার্সটুডে/এমএএইচ/এআর/৬
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন