কেন্দ্রীয় সরকারের লক্ষ্য কেবলমাত্র ‘চৌকিদার’কে রক্ষা করা: রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i68647-কেন্দ্রীয়_সরকারের_লক্ষ্য_কেবলমাত্র_চৌকিদার’কে_রক্ষা_করা_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের লক্ষ্য কেবলমাত্র ‘চৌকিদার’কে রক্ষা করা।’ তিনি আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে ওই মন্তব্য করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মার্চ ০৭, ২০১৯ ১৬:৩৯ Asia/Dhaka
  • কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী
    কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের লক্ষ্য কেবলমাত্র ‘চৌকিদার’কে রক্ষা করা।’ তিনি আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে ওই মন্তব্য করেন।

রাহুল বলেন, ‘একটি নতুন লাইন বেরিয়েছে, ‘গায়েব’  (অদৃশ্য) হয়ে গেছে। দু’কোটি যুবকের চাকরির কথা গায়েব হয়ে গেছে, কৃষকের ফসলের সঠিক মূল্য, ডোকলাম গায়েব হয়ে গেছে, পণ্য ও পরিসেবা কর (জিএসটি) থেকে সুবিধা গায়েব হয়ে গেছে, রাফায়েলের ফাইলও গায়েব হয়ে গেছে! মোদি সরকারের কাজই হল সবকিছু গায়েব করা।’     

রাহুল বলেন, ‘এখন গণমাধ্যমের বিরুদ্ধে তদন্ত করার কথা হচ্ছে। কিন্তু যিনি ত্রিশ হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন তাঁর বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না। যেকোনো বিষয়কে বিকৃত করে কেবল নরেন্দ্র মোদিকে বাঁচানো হচ্ছে। সরকারের লক্ষ্যই কেবল ‘চৌকিদার’কে রক্ষা করা।’ রাফায়েল বিমান ক্রয় চুক্তিতে বড়সড় দুর্নীতি হয়েছে বলে কংগ্রেসের পক্ষ থেকে অনেকদিন ধরেই দাবি জানানো হচ্ছে।

ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয় চুক্তিতে দুর্নীতির অভিযোগ ও ওই চুক্তি নিয়ে গোপনীয় নথি চুরি হয়েছে বলে গতকাল (বুধবার) কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে জানানোয় রাহুল আজ বলেন, ‘নথিতে প্রধানমন্ত্রীর দফতরের (পিএমও) কী ভূমিকা ছিল, তার উল্লেখ রয়েছে। তা চুরি হয়ে গেছে বলে সরকারই জানিয়েছে। ফলে সেসব নথি নিয়ে আর কোনো সন্দেহ, সংশয় থাকল না। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। ফলে, অন্যরা অভিযুক্ত হলে এ ব্যাপারে প্রধানমন্ত্রীকেও অভিযুক্ত হতে হবে।’

রাহুল বলেন, ‘পরিষ্কারভাবে নথিগুলোতে লেখা আছে যে, পিএমও সমান্তরালভাবে দরদাম চালিয়ে যাচ্ছিল।’ ‘রাফায়েল নথি চুরি হওয়ার ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। এর পাশপাশি সমান্তরাল দরদামের জন্য পিএমও’র বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত’ বলেও রাহুল গান্ধী বলেন।

যদিও ওই অভিযোগকে নাকচ করে দিয়ে রাহুল গান্ধী মিথ্যে বলছেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। এদিকে রাফায়েল নথি চুরি ইস্যুতে আজ (বৃহস্পতিবার)পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলেছেন, 'দেশে কী তামাশা চলছে! খোদ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেই চুরি হয়েছে! এটা তো দেশের জন্য বিপজ্জনক ব্যাপার! সরকার এবিষয়ে কী বলবে? এখানে ছুপা রুস্তমটাই বা কে? এর তদন্ত হওয়া উচিত।’

‘একটু অপেক্ষা করুন। শিগগিরি (লোকসভা)নির্বাচনেই এর ফয়সলা হয়ে যাবে' বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৭