‘ভারতীয় কারাগার থেকে কারা মাসুদ আজহারকে পাকিস্তানে পাঠিয়েছিল?'
-
বক্তব্য রাখছেন রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে প্রশ্ন রেখে বলেছেন, ‘ভারতীয় কারাগার থেকে কারা মাসুদ আজহারকে পাকিস্তানে পাঠিয়েছিল?’ তিনি আজ (শনিবার) কর্ণাটকে এক জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
রাহুল সম্প্রতি কাশ্মিরের পুলওয়ামাতে সন্ত্রাসী হামলায় সিআরপিএফ জওয়ানদের নিহত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘সিআরপিএফ জওয়ানদের কে হত্যা করেছে? জৈশ-ই-মুহাম্মদের প্রধানের নাম কি? মাসুদ আজহার। মোদিজি আমাকে বলুন ভারতীয় কারাগার থেকে মাসুদ আজহারকে কারা পাকিস্তানে পাঠিয়েছিল? (তৎকালীন) বিজেপি সরকার কি তাকে কারাগার থেকে বের করে কান্দাহারে পাঠায়নি?’
রাহুল বলেন, ‘ওই বিমানে আপনারা যশবন্ত সিনহা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে কি পাঠাননি? আপনাদের সরকার কি এসব ব্যক্তিদের কান্দাহারে পাঠায়নি? এসব আপনি আপনার ভাষণে বলছেন না কেন?’

রাহুল বলেন, ‘ইন্টারনেটে যান কান্দাহার বিমানবন্দরে অজিত ডোভাল যিনি নরেন্দ্র মোদিজির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাঁর ছবি মাসুদ আহজারের সঙ্গে দেখা যাবে। মোদিজি, আমরা আপনাদের মত নই, আমরা সন্ত্রাসবাদের সামনে মাথানত করি না। আপনি দেশবাসীকে বোঝান মাসুদ আজহারকে কীভাবে পাঠানো হয়েছিল, কাদের সরকার পাঠিয়েছিল।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তারা সন্ত্রাসের বিরুদ্ধে অত্যন্ত কঠোর এবং পাকিস্তানে সাম্প্রতিক বিমান হামলা চালিয়ে তার প্রমাণ দিয়েছে। একইভাবে পাকিস্তানে বিমান হামলার পর থেকে বিজেপি’র বিভিন্ন নেতা ও কেন্দ্রীয় মন্ত্রীরা ওই ইস্যুতে সাফল্য দাবি করায় রাহুল আজ পুরোনো তথ্য তুলে ধরে বিজেপি সরকারকে চেপে ধরার চেষ্টা করেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। #
পার্সটুডে/এমএএইচ/এআর/৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন