অমিতের স্পিনে কুপোকাত পাঞ্জাব: জয়ে ফিরল জহির খানের দিল্লি
https://parstoday.ir/bn/news/india-i6976-অমিতের_স্পিনে_কুপোকাত_পাঞ্জাব_জয়ে_ফিরল_জহির_খানের_দিল্লি
আইপিএলের সপ্তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। প্রথম ম্যাচে কোলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল জাহির খানের দল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ১৫, ২০১৬ ২১:২৫ Asia/Dhaka
  • ম্যান অব দ্য ম্যাচ অমিত মিশ্র
    ম্যান অব দ্য ম্যাচ অমিত মিশ্র

আইপিএলের সপ্তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। প্রথম ম্যাচে কোলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল জাহির খানের দল।

দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১১ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে, ৩৯ বল হাতে রেখে মাত্র দুটি উইকেট হারিয়ে জয় তুলে নেয় দিল্লি।

অবশ্য, ১১২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নিয়ে শুরুতেই উইকেট হারায় দিল্লি। ইনিংসের তৃতীয় ওভারে সন্দিপ শর্মার বলে কট বিহাইন্ড হন ওপেনার স্রেয়াশ ইয়ার। এরপর অপর ওপেনার ডি কুক ও তরুণ ব্যাটসম্যান সাঞ্জু স্যামসনের ব্যাটে ভর করে ইনিংসের ৮ম ওভারে দিল্লির স্কোর অর্ধশত পার হয়। ১৩তম ওভারে দিল্লির সংগ্রহ শত রান পার করে। জয় তখন সময়ের ব্যাপার মাত্র। যদিও একই ওভারে অক্ষর প্যাটেলের বাঁহাতি স্পিনে ৩৩ রানে বোল্ড হয়ে ফিরে যান স্যামসন। কুইন্টন ডি কক ৪২ বলে ৯টি চার আর একটি ছক্কায় ৫৯ রান করে অপরাজিত ছিলেন। স্যামসনের পর নামা পবন নেগি ৮ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে পাঞ্জাবের পক্ষে ওপেন করতে এসে ১ রান করেই রান আউট হন মুরলী বিজয়। অন্য ওপেনারের মনন ভোহরার ব্যাট থেকে আসে সর্বোচ্চ রান ৩২। ২৪ বলে ৫টি চার হাঁকিয়ে তিনি এ ইনিংসটি খেলেন। এছাড়া শন মার্শ ১৩, মিলার ৯, গ্লেন ম্যাক্সওয়েল ০, অক্ষর প্যাটেল ১১, মোহিত শর্মা ১৫ আর প্রদীপ সাহু ১৮ রান করেন।

দিল্লির হয়ে ৪টি উইকেট নেন অমিত মিশ্র। একটি করে উইকেট জাহির খান, ক্রিস মরিস ও জয়ন্ত যাদব।

তিন ওভার বল করে ১১ রান দিয়ে চার উইকেট লাভ করায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান অমিত মিশ্র।# (এআর)