লোকসভা নির্বাচনে মোদি পরাজিত হতে চলেছেন: রাহুল গান্ধী
-
রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি পরাজিত হতে চলেছেন। তিনি আজ (শনিবার) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছেন।
রাহুল বলেন, ‘এ পর্যন্ত অর্ধেকের বেশি দফায় নির্বাচন শেষ হয়েছে আর এটা স্পষ্ট যে নরেন্দ্র মোদি নির্বাচনে পরাজিত হচ্ছেন। এই নির্বাচনে কৃষক, কর্মসংস্থান, প্রধানমন্ত্রীর দুর্নীতি প্রধান ইস্যু। লোকসভার চার দফার নির্বাচন শেষে এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি এই নির্বাচনে পরাজিত হচ্ছে।’
তিনি বলেন, ‘দেশের সামনে সবচেয়ে বড় ইস্যু হল বেকারত্ব। নরেন্দ্র মোদি দেশের অর্থব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। দেশবাসী মোদির কাছে জানতে চায় আপনি আমাদের বলেছিলেন বছরে দু’কোটি যুবকের কর্মসংস্থান করবেন। কিন্তু ভারতে আজ বিগত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব।’
সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, দেশের সেনাবাহিনী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পত্তি নয়। নরেন্দ্র মোদি ভাবছেন সেনাবাহিনী তাঁর সম্পত্তি।’
কংগ্রেস নেতৃত্বাধীন সাবেক ইউপিএ সরকারের আমলে সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে ওঠা প্রশ্ন সম্পর্কে রাহুল বলেন, সেনাবাহিনীর স্ট্রাইককে ভিডিও গেম বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী দেশের সেনাবাহিনীর দুর্নাম করছেন। সেনাবাহিনী কোনো ব্যক্তির নয় বরং দেশবাসীর।’
রাহুল বলেন, মাসুদ আজহার একজন সন্ত্রাসী কিন্তু তিনি পাকিস্তানে কীভাবে গেলেন? কংগ্রেস কী তাকে পাকিস্তানে পৌঁছে দিয়েছিল? বিজেপি সরকার সন্ত্রাসীদের সামনে নত হয়ে এক সন্ত্রাসীকে পাকিস্তানে পাঠিয়েছিল। কংগ্রেস কখনও এরকম করেনি এবং করবেও না বলে রাহুল গান্ধী মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৪