বিশ্বকাপে ভারতের শুভ সূচনা, দক্ষিণ আফ্রিকার টানা তৃতীয় হার
https://parstoday.ir/bn/news/india-i70987-বিশ্বকাপে_ভারতের_শুভ_সূচনা_দক্ষিণ_আফ্রিকার_টানা_তৃতীয়_হার
ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। অন্যদিকে এ নিয়ে টানা তিন ম্যাচে হারল প্রোটিয়ারা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ০৫, ২০১৯ ১৯:১৯ Asia/Dhaka
  • ম্যাচ জেতার পর রোহিত শর্মাকে অভিনন্দন জানাচ্ছেন বিরাট কোহলি
    ম্যাচ জেতার পর রোহিত শর্মাকে অভিনন্দন জানাচ্ছেন বিরাট কোহলি

ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। অন্যদিকে এ নিয়ে টানা তিন ম্যাচে হারল প্রোটিয়ারা।

আজ (বুধবার) সাউদাম্পটনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২২৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ২২৮ রানের টার্গেটে খেলতে নেমে ৪৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করে ভারত।

ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। দলীয় ১৩ রানের মাথায় শিখর ধাওয়ানকে বিদায় করেন কেগিসো রাবাদা। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ধাওয়ানের ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। দলীয় ৫৪ রানের মাথায় ফেলুকাওয়োর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন দলপতি বিরাট কোহলি। তার ৩৪ বলের ইনিংসে ছিল একটি বাউন্ডারি, রান করেছেন ১৮। স্কোরবোর্ডে ৮৫ রান যোগ করেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। ইনিংসের ৩২তম ওভারে রাবাদা ফিরিয়ে দেন ৪২ বলে ২৬ রান করা রাহুলকে। এরপর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে চতুর্থ উইকেটে ৭৪ রানের জুটি গড়েন রোহিত শর্মা। তাদের এই জুটিতে জয়ের দুয়ারে চলে যায় ভারত। জয়ের জন্য শেষ দিকে ২৩ বলে প্রয়োজন ছিল ১৫ রান। ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মার সঙ্গে দলের জয় নিশ্চিত করেন হার্দিক পান্ডিয়া (১৫) দলের হয়ে ১৪৪ বলে ১৩টি চার ও দুটি ছক্কায় ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন রোহিত শর্মা

এর আগে টস জিতে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। বুমরাহর গতির সামনে প্রতিরোধ গড়তে পারেননি হাশিম আমলা ও কুইন্টন ডি কক। ইনিংসের তৃতীয় ওভারে জাসপ্রিত বুমরাহর বলে স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দেন এক ম্যাচ পর একাদশে ফেরা হাশিম আমলা (৬)। ষষ্ঠ ওভারে আবারো আঘাত হানেন বুমরাহ। এবার ফিরিয়ে দেন আরেক ওপেনার কুইন্টন ডি কককে। বিরাট কোহলির হাতে ধরা পড়ার আগে তিনি করেন ১০ রান। এরপর ৫৪ রানের জুটি গড়েন দলপতি ফাফ ডু প্লেসিস এবং ভ্যান ডার ডুসেন। ইনিংসের ২০তম ওভারে যুভেন্দ্র চাহাল ফিরিয়ে দেন ডুসেনকে। ৩৭ বলে ২২ রান করে বোল্ড হন ডুসেন। একই ওভারে চাহাল বোল্ড করেন ৫৪ বলে চারটি চারের সাহায্যে ৩৮ রান করা প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিসকে।

২৩তম ওভারে ব্যক্তিগত ৩ রান করা জেপি ডুমিনিকে এলবির ফাঁদে ফেলেন কুলদীপ যাদব। দলীয় ৮৯ রানের মাথায় টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারায় দক্ষিণ আফ্রিকা। ফেলুকাওয়ো-ডেভিড মিলারের ৪৬ রানের জুটি ভাঙেন চাহাল। ৪০ বলে ব্যক্তিগত ৩১ রানে চাহালের বলে তারই হাতে ধরা পড়েন মিলার। চাহাল নিজের চতুর্থ উইকেট তুলে নিতে বিদায় করেন আন্দেইল ফেলুকাওয়োকে (৩৪)।

এরপর কেগিসো রাবাদাকে নিয়ে এগুতে থাকেন ক্রিস মরিস। ৬৬ রানের জুটি গড়ে ইনিংসের শেষ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে বিদায় নেন ক্রিস মরিস। তার আগে ৩৪ বলে একটি চার আর দুটি ছক্কায় তিনি করেন ৪২ রান। ইনিংসের শেষ বলে ইমরান তাহিরকে আউট করেন ভুবনেশ্বর কুমার। রাবাদা ৩৫ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।

যুভেন্দ্র চাহাল ১০ ওভারে ৫১ রান দিয়ে পান চারটি উইকেট। ভুবনেশ্বর কুমার ১০ ওভারে ৪৪ রানের বিনিময়ে তুলে নেন দুটি উইকেট। দুটি উইকেট পান ১০ ওভারে ৩৫ রান খরচ করা জাসপ্রিত বুমরাহ। কুলদীপ যাদব ১০ ওভারে ৪৬ রানের বিনিময়ে তুলে নেন একটি উইকেট।

ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংলিশদের কাছে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরে দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে ২১ রানে হেরেছে প্রোটিয়ারা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৫