ভারতকে প্রথম হারের স্বাদ দিল ইংল্যান্ড, উজ্জ্বল হলো সেমির সম্ভাবনা
-
ইংল্যান্ড দলের উল্লাস
বিশ্বকাপের ৩৮তম ম্যাচে ভারতকে ৩১ রানে হারিয়ে সেমিফাইনালের আশা উজ্জ্বল করেছে স্বাগতিক ইংল্যান্ড। অন্যদিকে, বিশ্বকাপের এবারের আসরে প্রথম পরাজয়ের স্বাদ পেল ভারত।
আজ (রোববার) এজবাস্টনে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৩৩৭ রান করে স্বাগতিকরা। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ইনিংস থামে ৩০৬ রানে।
ভারতের ওপেনার লোকেশ রাহুল ০ রানে বিদায় নেন। এরপর দলপতি কোহলিকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে ১৩৮ রান যোগ করেন ওপেনার রোহিত শর্মা। টানা পঞ্চম ফিফটি হাঁকিয়ে বিদায় নেন কোহলি। ৭৬ বলে সাতটি চারের সাহায্যে করেন ৬৬ রান। চলতি বিশ্বকাপে তৃতীয় আর ওয়ানডে ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি হাঁকান রোহিত শর্মা। ১০৯ বলে ১৫টি বাউন্ডারিতে করেন ১০২ রান।
বিশ্বকাপের অভিষেক ম্যাচে নেমে রিশব পান্ত ২৯ বলে চারটি চারের সাহায্যে করেন ৩২ রান। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৩৩ বলে চারটি চারের সাহায্যে করেন ৪৫ রান। মহেন্দ্র সিং ধোনি ৩১ বলে ৪২ আর কেদার যাদব ১২ রানে অপরাজিত থাকেন।
ইংলিশ তারকা লিয়াম প্লাংকেট ১০ ওভারে ৫৫ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। ক্রিস ওকস ১০ ওভারে ৫৮ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট।
এর আগে ব্যাটিংয়ে নেমে ১৬০ রানের ওপেনিং জুটি গড়েন জনি বেয়ারস্টো এবং জেসন রয়। ৫৭ বলে সাতটি চার আর দুটি ছক্কায় ৬৬ রান করেন জেসন রয়। ১০৯ বলে ১০টি বাউন্ডারি আর ৬টি ওভার বাউন্ডারিতে ১১১ রান করে বিদায় নেন বেয়ারস্টো। তিন নম্বরে নামা জো রুট ৫৪ বলে করন ৪৪ রান। ইংলিশ দলপতি ইয়ন মরগান ১ রানে সাজঘরে ফেরেন। জস বাটলার ৮ বলে একটি চার আর দুটি ছক্কায় করেন ২০ রান। ক্রিস ওকস ৭ রান করেন।
বেন স্টোকস ৫৪ বলে ৬টি চার আর তিনটি ছক্কায় করেন ৭৯ রান। ইনিংসের শেষ ওভারে বিদায় নেন তিনি। লিয়াম প্লাংকেট ১ রানে অপরাজিত থাকেন।
ভারতীয় বোলারদের বাজে দিনে উজ্জ্বল ছিলেন মোহাম্মদ শামি। তিনি শামি ১০ ওভারে ৬৯ রান দিয়ে তুলে নেন পাঁচটি উিইকেট। জাসপ্রিত বুমরাহ ১০ ওভারে ৪৪ রান দিয়ে একটি উইকেট এবং ১০ ওভারে ৭২ রানের বিনিময়ে একটি উইকেট পান কুলদীপ যাদব।
এই ম্যাচ শেষে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তিনে নিউজিল্যান্ড। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে উঠে আসল ইংল্যান্ড। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেল পাকিস্তান। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছয়ে বাংলাদেশ। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাতে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।