ওয়ার্নারের বিধ্বংসী ব্যাটিংয়ে আইপিএলে প্রথম জয় পেল হায়দ্রাবাদ
-
উইকেট নেয়ার পর হায়দ্রাবাদের খেলোয়াড়দের উল্লাস (ডানে) অধিনায়ক ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। চলমান আইপিএলে এটিই তাদের প্রথম জয়।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে, দলপতি ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দ্রাবাদ।
মুম্বাইয়ের দুই ওপেনার মার্টিন গাপটিল ২ ও পার্থিব পটেল ১০ রান করেই আউট হন। এর পর তিন নম্বরে ব্যাট করতে এসে দলের ইনিংসের হাল ধরেন অম্বাতি রায়ুডু। ৪৯ বলে তিনটি চার ও দুটি ছক্কার মারে তিনি করেন ৫৪ রান। মুম্বাইয়ের দলপতি রোহিত শর্মা মাত্র ৫ রান করে রান আউট হন। জস বাটলারের ব্যাট থেকে আসে ১১ রান। মুম্বাইয়ের রান বাড়াতে ভূমিকা রাখেন ক্রুনাল পান্ডে। মাত্র ২৮ বলে তিনটি করে চার ও ছক্কায় ৪৯ রান করে অপরাজিত থাকেন তিনি। হারদিক পান্ডে ২ রান করে মুস্তাফিজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
হায়দরাবাদের হয়ে ৩ উইকেট নেন বারিন্দর স্রান। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও মুস্তাফিজুর রহমান।
জবাবে, ১৪৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আবারও ব্যর্থ হন হায়দ্রাবাদের ওপেনার শিখর ধাওয়ান। ২ রান করে টিম সাউদির বলে বোল্ড হন তিনি। তিন নম্বরে নামা হেনরিকস করেন ২০ রান। সাউদির দ্বিতীয় শিকারে ফেরেন তিনি। সাউদির তৃতীয় শিকারে বিদায় নেন ১১ রান করা ইয়ন মর্গান। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার অপরাজিত ইনিংসটি ছিল ৫৯ বলে ৭টি চার আর ৪টি ছক্কায় সাজানো। দীপক হুদা ৯ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।
ম্যাচ শেষে হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার জয়ের জন্য বোলারদের কৃতিত্ব দেন। বলেন, “আমি বোলারদেরকেই কৃতিত্বটা দেব। তারা এই পিচে অসাধারণ বোলিং করেছে। আমি তাদের বলেছিলাম- টীম মিটিংয়ে যেন দলের প্ল্যানগুলো তারা মাঠে ভালোভাবে বাস্তবায়িত করে। আর তারা সেটিই করেছে। এরকম পিচে ১৬০ রান হওয়াটা স্বাভাবিক কিন্তু বোলারদের অসাধারণ নৈপুণ্যে মুম্বাই ১৪২ রানেই আটকে যায়।”
নিজের ম্যাচজয়ী ইনিংস প্রসঙ্গে তিনি বলেন, “সেরা খেলোয়াড় হতে পারা অবশ্যই খুশির ব্যপার তবে দল জিতাতে আমি বেশী খুশি। আমি আজকে বল ধরে খেলেছি। তবে ভাগ্য অনেক ভালো, আজকেও আমার ক্যাচ ড্রপ হয়েছে। এই সুযোগটাকে আমি কাজে লাগিয়েছি।”
এদিকে, ম্যাচ শেষে প্রশ্নোত্তর পর্বে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা পরাজয়ের কারণ সম্পর্কে বলেন, “আমাদের ব্যাটিংয়ে বেশ ভুল ছিল। এই পিচে এইরকম স্কোর করলে বোলারদের জন্য এই রান প্রতিরোধ করা অনেক মুশকিল হয়ে পড়ে। এসময় বোলারদের নিজেদের সেরাটা উজাড় করে দিতে হয়। কিন্তু তাদের কাছ থেকে এটি আমি আশা করিনি। ব্যাটিং ব্যর্থতাই আমাদের ভুগিয়েছে।”
চলতি আইপিএলে চার ম্যাচে মাত্র একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে মুম্বাই। অন্যদিকে তিন ম্যাচে সমানসংখ্যক জয় নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে হায়দ্রাবাদ।# (আশরাফুর রহমান)