কাশ্মীর ইস্যু: নিরাপত্তা পরিষদে পাকিস্তানের নালিশ, জাতিসংঘের গভীর উদ্বেগ
https://parstoday.ir/bn/news/india-i72627-কাশ্মীর_ইস্যু_নিরাপত্তা_পরিষদে_পাকিস্তানের_নালিশ_জাতিসংঘের_গভীর_উদ্বেগ
জম্ম-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে ভারতের ‘অবৈধ দখলদারিত্ব’ বৃদ্ধি করার বিষয়ে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে অবহিত করেছেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি। জাতিসংঘে অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও কথা বলেছেন পাকিস্তানি এই দূত।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
আগস্ট ০৮, ২০১৯ ০৮:৫৬ Asia/Dhaka
  • নিরাপত্তা পরিষদে বর্তমান সভাপতি  জোয়ানা ওনেকার সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি
    নিরাপত্তা পরিষদে বর্তমান সভাপতি জোয়ানা ওনেকার সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি

জম্ম-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে ভারতের ‘অবৈধ দখলদারিত্ব’ বৃদ্ধি করার বিষয়ে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে অবহিত করেছেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি। জাতিসংঘে অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও কথা বলেছেন পাকিস্তানি এই দূত।

পাকিস্তানের বেসরকারি টেলিভিশন জিও-নিউজ জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব বাইরে থাকায় মালিহা লোদি বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে বর্তমান সভাপতি পোল্যান্ডের রাষ্ট্রদূত জোয়ানা ওনেকার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি ভারতের কর্মকাণ্ডকে ‘কাশ্মীরিদের মর্যাদা হানিকর’ বলে বর্ণনা করেছেন।

পাকিস্তানি এই কূটনীতিক ভারতের ‘বেআইনি ও অস্থিতিশীল’ কর্মকাণ্ডকে প্রত্যাহার করার দাবি জানাতে নিরাপত্তা পরিষদের প্রতিও আহ্বান জানান। পাশাপাশি ভারত যাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলুশন মেনে চলে তা নিশ্চিত করার আহ্বান মালিহা লোধি।

এর আগে, কাশ্মীরের জনগণের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ভারতের এই পদক্ষেপ সেখানকার মানবিক পরিস্থিতির বিপর্যয় ঘটাবে বলেও উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রুপার্ট কোলভিল

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রুপার্ট কোলভিল টুইটারে এক ভিডিওবার্তায় টেলিযোগাযোগ বিচ্ছিন্ন, রাজনৈতিক সভাসমাবেশে নিষেধাজ্ঞা ও রাজনৈতিক নেতাদের গৃহবন্দির বিষয়টি উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন।

গত রোববার থেকে কাশ্মীরে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কাশ্মীরি জনগণ যারা দেশের অন্যান্য এলাকাগুলোতে রয়েছে তারা কাশ্মীরে প্রবেশ করতে পারছে না। স্থানীয় নেতাদেরও গৃহবন্দি করে রাখা হয়েছে। বর্তমানে সেখানে ব্যাপক ধরপাকড় চলছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি

এর আগে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা চিঠিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি জম্মু-কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বাতিলসহ উপত্যকায় সেনা বাড়ানো এবং কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীদের গৃহবন্দি করা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে অভিযোগ জানিয়েছেন।

চিঠিতে মাহমুদ কোরেশি বলেন, কাশ্মীরি জনগণের সাংবিধানিক অধিকার হরণ করে ভারত সরকার উপত্যকাটির নাগরিকদের ওপর ব্যাপক নির্যাতন চালাচ্ছে। এছাড়া ভারতীয় বাহিনী কাশ্মীর সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিমের সদস্যদের টার্গেট করে গুলি চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়।

কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা বাতিল করে ভারত সরকার জাতিসংঘের নির্ধারিত নীতিমালা লঙ্ঘন করেছে বলেও পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮