কাশ্মীরিদের অধিকার খর্ব হয়েছে, ভারতের সম্মান ম্লান হয়েছে: অমর্ত্য সেন
https://parstoday.ir/bn/news/india-i72949-কাশ্মীরিদের_অধিকার_খর্ব_হয়েছে_ভারতের_সম্মান_ম্লান_হয়েছে_অমর্ত্য_সেন
ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার তীব্র সমালোচনা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন। রাজ্যটি ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করায় কাশ্মীরের জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে বলে মনে করেন তিনি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২০, ২০১৯ ০৮:৫৬ Asia/Dhaka
  • অমর্ত্য সেন
    অমর্ত্য সেন

ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার তীব্র সমালোচনা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন। রাজ্যটি ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করায় কাশ্মীরের জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে বলে মনে করেন তিনি।

সোমবার এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে অমত্য সেন বলেন, বিশেষ মর্যাদা বাতিলে কাশ্মীরের জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে। এর মধ্য দিয়ে গোটা  বিশ্বে বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের সম্মান ম্লান হয়েছে বলেও মনে করেন তিনি।

৮৫ বছর বয়সী এই অর্থনীতিবিদ বলেন, "গোটা বিশ্বে গণতান্ত্রিক আদর্শ অর্জনের জন্য এত কিছু করেছে ভারত। তবে এখন আর আমি একজন ভারতীয় হিসেবে এই সত্য নিয়ে গর্বিত নই যে ভারতই গণতন্ত্রের পক্ষে প্রথম প্রাচ্যের দেশ ছিল। কেননা যে পদক্ষেপ নেয়া হয়েছে তাতে আমরা সেই খ্যাতি হারিয়ে ফেলেছি।"

কাশ্মীর সংকট সমাধানের উপায় প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, "আমি মনে করি না যে গণতন্ত্র ছাড়া কোনওভাবে কাশ্মীর সমস্যার সমাধান করা সম্ভব।"

৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের ফলে অন্যান্য রাজ্যের লোকেরা জম্মু ও কাশ্মীরে জমি কিনতে পারবে। এ বিষয়ে ড. সেন বলেন, "রাজ্যের জনগণের (জম্মু ও কাশ্মীর) কথা ভেবেও কিছু সিদ্ধান্ত নেয়া উচিত। এটি এমন একটি বিষয় যেখানে কাশ্মীরিদের বৈধ দৃষ্টিভঙ্গি রয়েছে কারণ যে এটি তাঁদের জমি।”

জম্মু ও কাশ্মীরের মূলধারার রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার বিষয়েও সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে অমর্ত্য সেন বলেন, "জনগণের নেতাদের কণ্ঠস্বর না শুনে আপনারা ন্যায়বিচার করতে পারেন বলে আমি মনে করি না এবং যদি আপনি হাজার হাজার নেতাকে সংযত রাখেন এবং তাদের অনেককে কারাগারে আটকে রাখেন... তাহলে আপনি গণতন্ত্রকে সেই বৈশিষ্ট্যকে দমন করছেন যা গণতন্ত্রকে সফল করে তোলে।"

গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের দিন তিনেক আগে থেকেই কাশ্মীরে ইন্টারনেট এবং ফোন পরিষেবা বন্ধ করে দেয়া হয়। এ ছাড়া গোটা রাজ্যজুড়ে ছিল কারফিউ, স্তব্ধ হয়ে পড়ে থাকে সেখানকার জনজীবন। সর্বত্র ভারতীয় সেনাদের টহল। নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে অনেকে নিহত হন।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।