কাশ্মীর নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ প্রকাশ, অস্বস্তিতে ভারত
https://parstoday.ir/bn/news/india-i73217-কাশ্মীর_নিয়ে_মার্কিন_পররাষ্ট্র_মন্ত্রণালয়ের_উদ্বেগ_প্রকাশ_অস্বস্তিতে_ভারত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল (বৃহস্পতিবার) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত এক বিবৃতি দেয়া হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ৩০, ২০১৯ ০৭:৪৬ Asia/Dhaka
  • কাশ্মীর নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ প্রকাশ, অস্বস্তিতে ভারত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল (বৃহস্পতিবার) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত এক বিবৃতি দেয়া হয়েছে।

মার্কিন ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘স্থানীয়দের আটক হওয়া ও কড়াকড়ির খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। মানবাধিকারকে সম্মান করে, আইনানুগ পদক্ষেপ করে, সবাইকে নিয়ে আলোচনায় বসা হোক।’ সীমান্তপারের সন্ত্রাস বন্ধের আহ্বানও রয়েছে বিবৃতিতে। নয়াদিল্লির মতে, পাকিস্তানের উদ্দেশেই এই মন্তব্য। যদিও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ প্রকাশে ভারতের জন্য কিছুটা অস্বস্তি তৈরি করেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘আমরা নিয়ন্ত্রণরেখায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ রোধে সকল পক্ষকে আহ্বান জানাই। আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ও অন্যান্য ইস্যুতে সরাসরি আলোচনাকে সমর্থন করি।’

মার্কিন কর্মকর্তা বলেন, ‘জম্মু-কাশ্মীর খুব দ্রুত স্বাভাবিক রাজনৈতিক ছন্দে ফিরবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বিবৃতিকে আমরা স্বাগত জানাই।’

জি-৭ সম্মেলনের অবকাশে জম্মু-কাশ্মীর নিয়ে বৈঠকে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প

এরআগে ফ্রান্সের বাহরাইচে জি-৭ সম্মেলনের অবকাশে জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয় নেতার মধ্যে আলোচনার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানান, দুই দেশের মধ্যে সমস্ত বিষয়ই দ্বিপক্ষীয়। এ ব্যাপারে তৃতীয়পক্ষের মধ্যস্থতার কোনোরকম সম্ভাবনা নাকচ করে দেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষীয় অনেক বিষয় রয়েছে, আমরা তৃতীয় কোনো দেশকে বিরক্ত করতে চাই না। দ্বিপক্ষীয়ভাবে আমরা এগুলো আলোচনা এবং সমাধান করতে পারব।’ এরপরেই আবার নতুন করে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হল।#