দিল্লি থেকে ফিরেই ফের গৃহবন্দি হলেন শ্রীনগরের মেয়র জুনাইদ মাট্টু
-
মেয়র জুনাইদ আজিম মাট্টু
ভারতের রাজধানী দিল্লি থেকে কাশ্মীরের শ্রীনগরে ফিরতেই ফের গৃহবন্দি হলেন মেয়র জুনাইদ আজিম মাট্টু। কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে গত ৫ আগস্ট তাঁকে গৃহবন্দি করা হয়েছিল। এরপরে তাঁকে চিকিৎসার জন্য দিল্লি যেতে দেয়া হয়। কাশ্মীরে সরকারি পদক্ষেপের তীব্র সমালোচনা করার পরে গতকাল (মঙ্গলবার) ফের তাঁকে গৃহবন্দি করা হয়েছে।
কেন্দ্রীয় সরকার সেখানকার পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়র জুনাইদ আজিম মাট্টু কাশ্মীরে ধরপাকড় এবং রাজনীতিকদের আটক করার নিন্দা করে কাশ্মীর উপত্যকা স্বাভাবিক হওয়ার আশা অবাস্তব বলে মন্তব্য করেন।
তিনি বলেন, সড়কে কোনো লাশ পড়ে নেই, তার মানে এটা নয় যে, পরিস্থিতি স্বাভাবিক। তাঁর বক্তব্য, গায়ের জোরে কাশ্মীরে সব ঠাণ্ডা রাখা হয়েছে। তার মানে এই নয় যে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।
গত মাসে কেন্দ্রীয় সরকারের নির্দেশে জম্মু ও শ্রীনগরের মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। মেয়র জুনাইদ আজিম মাট্টু বরাবরই কেন্দ্রীয় সরকারের জম্মু-কাশ্মীর নীতির কঠোর সমালোচনা করেছেন।

যেভাবে কাশ্মীরে মূলস্রোতের রাজনীতিকদের বন্দি করে রাখা হয়েছে সে সম্পর্কে জম্মু-কাশ্মীর পিপলস কনফারেন্সের সদস্য জুনাইদ মাট্টু সরকারের সমালোচনা করে বলেন, বছরের পর বছর কাশ্মীরের মূলস্রোতের রাজনীতিকরা সন্ত্রাসবাদীদের হুমকি ও হামলার বিরোধিতা করেছেন। কিন্তু এখন তাঁদেরকেই বন্দি করে রাখা হয়েছে।
জুনাইদ মাট্টু সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করে বলেন, এরফলে কাশ্মীরিদের অস্তিত্বের সংকট তৈরি হয়েছে। আমরা সবসময় সন্ত্রাসের মধ্যেই বাস করি। তাতে আমাদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু সন্ত্রাসের অজুহাতে আমাদের মৌলিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। কাশ্মীরে এখনও অনেক পরিবার তাঁদের প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলেও জুনাইদ মাট্টু মন্তব্য করেন।
এদিকে, গতকাল (মঙ্গলবার) দিল্লিতে জম্মু-কাশ্মীরের পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বৈঠক করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ১৫/২০ দিনের মধ্যেই গোটা উপত্যকা থেকে বাড়তি বাহিনী প্রত্যাহার করে নেয়ার আশ্বাস দিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যেই গোটা কাশ্মীরেই টেলি যোগাযোগ, ইন্টারনেট স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। কাশ্মীরের অধিকাংশ এলাকাই যখন যোগাযোগহীন এবং এখনও বিরোধীসহ কোনও রাজনৈতিক নেতা-নেত্রীকে বাইরে থেকে কাশ্মীরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, তখন অমিত শাহের পক্ষ থেকে ওই আশ্বাসবাণী দেয়া হয়েছে।
এদিকে, চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশন শুরু হওয়ার আগেই উপত্যকা থেকে বাড়তি বাহিনী সরিয়ে ফেলতে চায় নয়াদিল্লি। গতকালের বৈঠকে সেরকমই ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একাংশের আশঙ্কা, সেনা সরানো শুরু হলেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠতে পারে কাশ্মীর উপত্যকা।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।