কাশ্মীরে পিডিপি নেতার নিরাপত্তা কর্মকর্তার রাইফেল ছিনতাই, কারফিউ জারি
https://parstoday.ir/bn/news/india-i73623-কাশ্মীরে_পিডিপি_নেতার_নিরাপত্তা_কর্মকর্তার_রাইফেল_ছিনতাই_কারফিউ_জারি
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অজ্ঞাত ব্যক্তিরা পিডিপি নেতার নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে একে-৪৭ রাইফেল ছিনিয়ে নিয়ে গেছে। আজ (শুক্রবার) কিশতেওয়াড়ের পিডিপি নেতা শেখ নাসিরের নিরাপত্তা পরিসেবা কর্মকর্তার কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়া হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ১৫:১০ Asia/Dhaka
  • একে-৪৭ রাইফেল (ফাইল ফটো)
    একে-৪৭ রাইফেল (ফাইল ফটো)

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অজ্ঞাত ব্যক্তিরা পিডিপি নেতার নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে একে-৪৭ রাইফেল ছিনিয়ে নিয়ে গেছে। আজ (শুক্রবার) কিশতেওয়াড়ের পিডিপি নেতা শেখ নাসিরের নিরাপত্তা পরিসেবা কর্মকর্তার কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়া হয়েছে।

পিডিপি নেতার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা দ্রুত ওই ঘটনার খবর স্থানীয় থানায় জানালে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে।

কিশতেওয়াড়ের ডেপুটি কমিশনার এ এস রানা রাইফেল ছিনিয়ে নেয়ার কথা স্বীকার করে ওই ঘটনায় তল্লাশি চলছে বলে জানিয়েছেন।

গণমাধ্যমের একটি সূত্র বলছে, আজ বেলা সাড়ে ১১ টা নাগাদ অজ্ঞাত তিন ব্যক্তি কিশতেওয়াড়ের গুরিয়ন মহল্লায় যায়। এই এলাকাতেই পিডিপি নেতা শেখ নাসির থাকেন। সেখানে মোতায়েন থাকা নিরাপত্তা কর্মকর্তার উপরে আচমকা হামলা চালিয়ে তাঁকে মারধর করে তাঁর কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল ও ম্যাগজিন ছিনিয়ে নেয়। হামলাকারীরা নিরাপদে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। ওই ঘটনার খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও হামলাকারীদের সন্ধান পাওয়া যায়নি। ওই ঘটনার পরে সংশ্লিষ্ট এলাকায় কারফিউ জারি করা হয়।

চলতি বছরে কিশতেওয়াড়ে হাতিয়ার ছিনিয়ে নেয়ার এটি দ্বিতীয় ঘটনা। এরআগে গত ৮ মার্চ মুখোশধারী হামলাকারীরা শহীদি মাজার এলাকায় নিরপত্তা পরিসেবা কর্মকর্তা দিলীপ কুমারের বাসায় ঢুকে তাঁর কাছ থেকে একে-৪৭ রাইফেল ও ৯০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে গিয়েছিল।

এদিকে, আজ জুমা নামাজকে কেন্দ্র করে শ্রীনগরসহ বেশ কিছু এলাকায় নতুনভাবে ১৪৪ ধারা জারি করা হয়। যেসব এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয় তারমধ্যে হজরতবাল ও শ্রীনগর ডাউন টাউনের ৫ থানা এলাকা রয়েছে।

কর্মকর্তা সূত্রের বরাতে আজ হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’য় প্রকাশ, মসজিদে প্রচুরসংখ্যক মানুষজন জমায়েত হলে প্রতিবাদ বিক্ষোভ হতে পারে এজন্য ওই পদক্ষেপ নেয়া হয়েছে। শহরের কোনও বড় মসজিদে জুমা নামাজ আদায় করতে দেয়া হচ্ছে না। এরমধ্যে নৌহাট্টার জামে মসজিদ ও হজরতবাল দরগাহ শরীফ মসজিদ অন্তর্ভুক্ত রয়েছে।#      

 

পার্সটুডে/এমএএইচ/এআর/১৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন