পাকিস্তানের মদদে বালাকোটে ফের সন্ত্রাসী তৎপরতা দেখা গেছে: বিপিন রাওয়াত
https://parstoday.ir/bn/news/india-i73916-পাকিস্তানের_মদদে_বালাকোটে_ফের_সন্ত্রাসী_তৎপরতা_দেখা_গেছে_বিপিন_রাওয়াত
পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে নতুন করে সন্ত্রাসীরা জড়ো হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত। আজ (সোমবার) চেন্নাইয়ে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন। তাঁর দাবি, কমপক্ষে পাঁচশ’ সন্ত্রাসী ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১৬:২২ Asia/Dhaka
  • বিপিন রাওয়াত
    বিপিন রাওয়াত

পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে নতুন করে সন্ত্রাসীরা জড়ো হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত। আজ (সোমবার) চেন্নাইয়ে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন। তাঁর দাবি, কমপক্ষে পাঁচশ’ সন্ত্রাসী ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।

রাওয়াত বলেন, গত ফেব্রুয়ারিতে ভারতীয় বিমানবাহিনী বোমাবর্ষণ করে ওই সন্ত্রাসী ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়েছিল। কিন্তু সম্প্রতি ফের সেগুলোতে তৎপরতা বেড়েছে। জেনারেল রাওয়াত বলেন, ‘পাকিস্তানের মদদেই সম্প্রতি বালাকোটে ফের সন্ত্রাসী তৎপরতা দেখা গেছে। এতেই প্রমাণিত হয় যে, ভারতীয় বিমানবাহিনী বালাকোটে যে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছিল, তাতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেসময় কোনোরকমে যারা প্রাণে বেঁচেছিল, তাদেরই ফিরিয়ে আনা হয়েছে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সন্ত্রাসীদের আমাদের দেশে ঢোকানোর জন্যই পাকিস্তান বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে। কিভাবে তার প্রতিরোধ করা যায়, তা আমরা জানি। আমাদের বাহিনী জানে, কিভাবে তাদের মোকাবিলা করতে হবে। সতর্ক আছি। অনুপ্রবেশের সব চেষ্টা রোখার চেষ্টা করব।’

সার্জিক্যাল স্ট্রাইক করা হবে কি না, সেই প্রশ্নের জবাবে জেনারেল রাওয়াত বলেন, একই ঘটনা আবার কেন ঘটাব? তার বাইরেও অনেক কিছু করা যায়। ওরা ভাবতে থাকুক।’

রাজনাথ সিং

যতবারই যুদ্ধ হয়েছে, ভারতই জিতেছে: রাজনাথ

এদিকে, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাকিস্তান যেন ১৯৬৫ কিংবা ১৯৭১ সালের মতো যুদ্ধ করার ভুল আর না করে। কারণ, যতবারই যুদ্ধ হয়েছে, ভারতই জিতেছে। রাজনাথের মতে, পাকিস্তানকে ধ্বংস করতে চেয়ে ভারতকে কিছুই করতে হবে না।

আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসঙ্ঘের সাধারণ সভায় মুখোমুখি হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে চেপে ধরতে কোমর বেঁধেছে ভারত। একই মঞ্চে ভাষণ দেয়ার কথা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। কূটনৈতিক মহলে এ নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। এসবের মধ্যেই ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বালাকোটে নতুন করে সন্ত্রাসী তৎপরতার কথা জানালেন। একইসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পাকিস্তানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন