কাশ্মীরের ঘটনাবলি নিয়ে আমরা গভীর উদ্বিগ্ন: এলিজাবেথ ওয়ারেন
-
এলিজাবেথ ওয়ারেন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী এলিজাবেথ ওয়ারেন এক বিবৃতিতে কাশ্মীরে চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এলিজাবেথ ওয়ারেন তাঁর বিবৃতিতে বলেছেন, ‘গত ৫ আগস্টের পর থেকে যোগাযোগ ব্যবস্থা বন্ধ। একটানা নিষেধাজ্ঞা চলছে। কাশ্মীরের ঘটনাবলি নিয়ে আমরা গভীর উদ্বিগ্ন। কাশ্মীরিদের অধিকারকে মর্যাদা দেওয়া উচিত।’
‘ভারতীয় কাশ্মীরে দু’মাসের দুর্ভোগ’ শীর্ষক একটি সংবাদ গতকাল (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তিনি ওই মন্তব্য করেন।
সিনেটর এলিজাবেথ ওয়ারেন হলেন কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশকারী দ্বিতীয় প্রভাবশালী মার্কিন নেতা। এরআগে কাশ্মীরের চলমান পরিস্থিতিতে ডেমোক্র্যাট দলের অন্যতম নেতা বার্নি স্যানডার্স একইভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, সুরক্ষার নামে কাশ্মীরে প্রতিবাদের আওয়াজ দমন করা থেকে মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পর্যন্ত বিঘ্নিত হচ্ছে। তিনি বলেন, ‘ভারতে অনেক চিকিৎসক স্বীকার করেছেন যে কাশ্মীরে ভারত সরকারের চাপিয়ে দেয়া বিধিনিষেধের কারণে রোগীরা জীবন রক্ষাকারী চিকিৎসাও পাচ্ছেন না।’
আমেরিকার মুসলিমদের এক সম্মেলনে দেয়া বক্তব্যে স্যান্ডার্স বলেন, জম্মু-কাশ্মীরে যোগাযোগ পরিসেবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করে নেয়া উচিত। মার্কিন সরকারকে আন্তর্জাতিক মানবাধিকারের পক্ষে জোরালোভাবে কথা বলা উচিত।
এরআগে মার্কিন সংসদ সদস্য অ্যান্ডি লেভিন কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারের পদক্ষেপ গ্রহণের সমালোচনা করে বলেছিলেন, মোদী গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকারকে আঘাত করেছেন।
ভারতের কেন্দ্রীয় সরকার গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ও সুবিধাসম্বলিত ৩৭০ ধারা বাতিল করে রাজ্যটি নানা বিধিনিষেধ আরোপ করেছে। এরফলে রাজ্যটি গত দু’মাস ধরে কার্যত অবরুদ্ধ হয়ে থাকায় সেখানকার জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/এআর/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।