ডা. ফারুক ও ওমর আব্দুল্লাহ'র সঙ্গে ন্যাশনাল কনফারেন্সের প্রতিনিধিদের সাক্ষাৎ
https://parstoday.ir/bn/news/india-i74262-ডা._ফারুক_ও_ওমর_আব্দুল্লাহ'র_সঙ্গে_ন্যাশনাল_কনফারেন্সের_প্রতিনিধিদের_সাক্ষাৎ
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আবদুল্লাহ এমপি ও ওমর আব্দুল্লাহর সঙ্গে শ্রীনগরে সাক্ষাৎ করেছেন ন্যাশনাল কনফারেন্সের আঞ্চলিক নেতা দেবেন্দ্র সিং রাণা ও দলের সাবেক বিধায়কসহ ১৫ সদস্যের এক প্রতিনিধি দল।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ০৬, ২০১৯ ১৬:০১ Asia/Dhaka
  • ডা. ফারুক আবদুল্লাহ এমপি ও ওমর আব্দুল্লাহ
    ডা. ফারুক আবদুল্লাহ এমপি ও ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আবদুল্লাহ এমপি ও ওমর আব্দুল্লাহর সঙ্গে শ্রীনগরে সাক্ষাৎ করেছেন ন্যাশনাল কনফারেন্সের আঞ্চলিক নেতা দেবেন্দ্র সিং রাণা ও দলের সাবেক বিধায়কসহ ১৫ সদস্যের এক প্রতিনিধি দল।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করাকে কেন্দ্র করে গত দু’মাসেরও বেশি সময় ধরে ন্যাশনাল কনফারেন্স নেতা ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আব্দুল্লাহ ও ওমর আব্দুল্লাহকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

ফারুক আব্দুল্লাহকে শ্রীনগরে তাঁর বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়। অন্যদিকে, ওমর আব্দুল্লাহকে রাজ্য প্রশাসনের গেস্ট হাউস হরি নিবাসে আটক করে রাখা হয়েছে। 

আজ (রোববার) দলীয় প্রতিনিধিদের ডা. ফারুক আবদুল্লাহ ও তাঁর স্ত্রী হাসিমুখে স্বাগত জানান। দেবেন্দ্র সিং রাণা বলেন, ডা. ফারুক সাহেব এবং তাঁর স্ত্রী দুজনেই সুস্থ আছেন বলে তারা সকলেই খুশি। ওদের সাথে দেখা করে ভালো লাগল। এসময় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

স্ত্রী ও দুই নেতার সঙ্গে ফারুক আবদুল্লাহ

ন্যাশনাল কনফারেন্সের আঞ্চলিক সভাপতি দেবেন্দ্র রাণার অনুরোধে ফারুক আবদুল্লাহ ও ওমর আবদুল্লাহ’র সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছিলেন গভর্নর সত্যপাল মালিক।

উভয় নেতার সঙ্গে সাক্ষাৎ করার পরে ন্যাশনাল কনফারেন্স নেতা আকবর লোন এবং হাসনাইন মাসুদি বলেন, ‘ফারুক আবদুল্লাহ ও ওমর আবদুল্লাহ কেমন আছেন তা দেখতে এসেছিলাম। রাজনীতির বিষয়ে কোনও কিছুই আলোচনা হয়নি।’

তাদের বেশিরভাগ নেতাই জেলে বন্দি থাকায় ন্যাশনাল কনফারেন্স এবার ব্লক উন্নয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে না বলেও আকবর লোন ও হাসনাইন মাসুদি মন্তব্য করেন। 

ড. ইমানুল হক

এ প্রসঙ্গে আজ (রোববার) ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট সমাজকর্মী, ‘ভাষা ও চেতনা সমিতি’র সম্পাদক ও কোলকাতার প্রেসিডেন্সী কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক রেডিও তেহরানকে বলেন, ‘এটা হচ্ছে গণতন্ত্রের নামে প্রহসন। নির্বাচন যদি করতেই হয় তাহলে প্রথমে যেটা করা উচিত তা হল বিধানসভা নির্বাচন। জম্মু-কাশ্মীরকে পূর্ণরাজ্য ঘোষণা করে বিধানসভা নির্বাচন করা উচিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উপস্থিতিতে। নির্বাচন হওয়া উচিত বিভিন্ন দেশের পর্যবেক্ষকদের উপস্থিতিতে খোলা নির্বাচন। সেই নির্বাচন ছাড়া অন্য যেকোনো নির্বাচন হবে একটা ‘পুতুল খেলা’।

তিনি বলেন, কাশ্মীরের বেশিরভাগ রাজনীতিবিদ বন্দি। রাজনৈতিক দলগুলোর কোনও কার্যকলাপ নামমাত্রও নেই। এরকম অবস্থায় ব্লক উন্নয়ন পরিষদ, না ‘ব্লক’-এর উন্নয়ন? যে ধরণের ব্লক তারা করে চলেছেন, মেন্টাল ব্লক, ফিজিক্যাল ব্লক, ইকনোমিকাল ব্লক, পলিটিক্যাল ব্লক-এই ব্লকের উদযাপন হবে কি? সুতরাং, আমি মনে করি যেকথা ফারুক আব্দুল্লাহ বা ওমর আব্দুল্লাহ’র দল বলেছে, তারা একদম ঠিক বলেছেন। এই নির্বাচন কার্যত প্রহসনে পরিণত হবে। এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনও মানেই হয় না। দু’মাস হয়ে গেছে সেখানে ইন্টারনেট ফিরিয়ে দেয়া উচিত। সেখানে ব্যাঙ্কগুলোকে কাজ করতে দেয়া উচিত। সংবাদমাধ্যমকে কাজ করতে দেয়া উচিত। এবং কাশ্মীরের নির্বাচন হওয়া উচিত এই ভিত্তিতে যে কাশ্মীরের মানুষ ঠিক করে নেবেন কাশ্মীরের গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত হবে। তা কোনও স্বৈরশাসকের বুলেটে নয় বা ব্যালটেও নয়।’#

পার্সটুডে/এমএএইচ/এআর/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।