কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলায় আহত ৭, তল্লাশি চলছে
https://parstoday.ir/bn/news/india-i74417-কাশ্মীরের_শ্রীনগরে_গ্রেনেড_হামলায়_আহত_৭_তল্লাশি_চলছে
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় ৭ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আজ (শনিবার) শ্রীনগরের  লালচকের কাছে হরি সিং স্ট্রিটে ওই হামলা হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১২, ২০১৯ ১৬:১৯ Asia/Dhaka
  • কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলায় আহত ৭, তল্লাশি চলছে

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় ৭ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আজ (শনিবার) শ্রীনগরের  লালচকের কাছে হরি সিং স্ট্রিটে ওই হামলা হয়।

জম্মু-কাশ্মীর পুলিশ বলছে, হরি সিং স্ট্রিটে সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় ৫ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। হামলাকারীদের সন্ধানে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

আজ বিস্ফোরণের শব্দ শুনে নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে ছুটে যায়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয় এবং ওই এলাকা থেকে সমস্ত পথচারীদের নিরাপদ জায়গায় সরিয়ে দেয়া হয়।

গত ৫ আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে দেয়ার পর থেকেই কাশ্মীর উপত্যকায় উত্তেজনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় ও বিভিন্ন বিধিনিষেধের কঠোরতার ফলে সেখানকার বাসিন্দারা কার্যত অবরুদ্ধ হয়ে আছেন।  

এ নিয়ে কিছুদিনের ব্যবধানে দু’বার কাশ্মীর উপত্যকায় গ্রেনেড হামলা হল। এরআগে গত ৫ অক্টোবর দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে পুলিশের ডেপুটি কমিশনারের কার্যালয় টার্গেট করে অজ্ঞাত গেরিলারা গ্রেনেড নিক্ষেপ করেছিল। যদিও সেটি ওই পুলিশ কর্মকর্তার দফতরের বাইরের রাস্তায় প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলে ওই এলাকার পথচারীরা আহত হয়েছিলেন।

কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসন বার বার উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলে দাবি করলেও আজকের ওই গ্রেনেড হামলায় সেখানে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের অবন্তীপুরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক গেরিলা নিহত হয়েছিল। রাজ্যটি থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে সেখানে পাথর নিক্ষেপের ঘটনা থামছে না। এপর্যন্ত তিনশ’র বেশিবার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।