পাকিস্তানে মোদির বিমান উড়তে দেয়ার অনুরোধ আবারও নাকচ
পাকিস্তান সরকার সেদেশের আকাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমান উড়তে দেয়ার ভারতীয় অনুরোধ আবারও নাকচ করে দিয়েছে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নয়াদিল্লির পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘনের কারণেই ইসলামাবাদ ভারত সরকারের এই অনুরোধ নাকচ করার কথা জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি গতকাল (শনিবার) এ সম্পর্কে এক বিবৃতিতে বলেছেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের ওপর ভারতের দখলদারিত্ব ও সেখানে চলমান শোচনীয় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গতকাল শনিবার যে কালো দিবস কাশ্মিরিরা পালন করেছেন তার প্রেক্ষাপটে আমরা পাকিস্তানের আকাশে নরেন্দ্র মোদিকে বহনকারী বিমান চলতে দেয়ার ভারতীয় অনুরোধ প্রত্যাখ্যান করেছি।
মোদি পাকিস্তানের ওপর দিয়ে কোথায় যেতে চাচ্ছিলেন তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে পাকিস্তানের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা বলেছেন, মোদি সৌদি আরব সফর করতে চেয়েছিলেন।
এ নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে ইসলামাবাদ তৃতীয়বারের মত ভারতীয় নেতৃবৃন্দকে পাকিস্তানের আকাশ ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানাল।
গত ফেব্রুয়ারি মাস থেকে ১৬ জুলাই পর্যন্ত পাকিস্তান ভারতের জন্য তার আকাশসীমা পুরোপুরি বন্ধ করে রেখেছিল। গত ফেব্রুয়ারি মাসে ভারতের বিমান বাহিনী পাকিস্তানের বালাকোট অঞ্চলে কথিত সন্ত্রাসীদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালানোর পর ওই পদক্ষেপ নেয় পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এক বোমা হামলায় ৪০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত বালাকোটে ওই হামলা চালায়। গত ১৬ জুলাই থেকে পাকিস্তান সেদেশের আকাশে বেসামরিক যাত্রীবাহী সব আন্তর্জাতিক রুট পুনরায় চালু করে। #
পার্সটুডে/এমএএইচ/২৭