বিজেপি ভারতকে হিটলারের দেশ হিসেবে গড়ে তুলতে চায়: ওয়াইসি
https://parstoday.ir/bn/news/india-i77203-বিজেপি_ভারতকে_হিটলারের_দেশ_হিসেবে_গড়ে_তুলতে_চায়_ওয়াইসি
ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি’র সমালোচনা করে বলেছেন, ‘এরা সংবিধান বাতিল করতে চায়। ওরা ভারতকে হিটলারের দেশ হিসেবে গড়ে তুলতে চান। এই সরকারের আমলে ক্ষমতার কেন্দ্রীকরণ হয়েছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ!’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০২০ ২০:০০ Asia/Dhaka
  • ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি
    ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি

ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি’র সমালোচনা করে বলেছেন, ‘এরা সংবিধান বাতিল করতে চায়। ওরা ভারতকে হিটলারের দেশ হিসেবে গড়ে তুলতে চান। এই সরকারের আমলে ক্ষমতার কেন্দ্রীকরণ হয়েছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ!’

লোকসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপরে ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে বক্তব্য রাখার তিনি আজ (মঙ্গলবার) সময় ওই মন্তব্য করেন।

ওয়াইসি বলেন, ‘যদি জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) হয় তাহলে জাতীয় নাগরিকপঞ্জিও (এনআরসি) হবে। উভয়ের মধ্যে কোনও পার্থক্য নেই। আজ না হলে কাল হবে, কাল না হলে পরের দিন হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলবেন কী এনপিআর ও এনআরসি একই মুদ্রার দুটি দিক নয়? তিনি বলেন, এনপিআর হলে এনআরসি হবে। কেন এতে আটটি নতুন প্রশ্ন  ঢোকানো হয়েছে?’

ওয়াইসি বলেন, ‘সিএএ’ নাগরিকত্ব দেয় এবং কেড়েও নেয়। অসমের উদাহরণ দিয়ে তিনি বলেন, আপনি বাঙালি হিন্দুদের নাগরিকত্ব দিতে চান। যেখানে অসমের পাঁচ লাখ মুসলমান নাগরিকত্ব দিতে চান না।

তিনি বলেন, এটিই প্রথম আইন, যেখানে ধর্মের নামে একটি আইন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সমালোচনা করে দিল্লির জামিয়া ও শাহীনবাগ চত্বরে সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, দেশে এমন শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী আছেন কিন্তু তিন তিনবার গুলি চালানো হয়েছে, এটাই  আপনাদের আইন-শৃঙ্খলা।

ওয়াইসি বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন যে তিনি মুসলিম নারীদের ভাই। তাহলে আজ মুসলিম নারীরা (শাহীনবাগে সিএএ’র বিরুদ্ধে ধর্না-অবস্থানে) প্রতিবাদ করছেন, সেখানে ভাইয়ের অসন্তুষ্টি হচ্ছে কেন? দেশের বর্তমান পরিবেশ ১৯৩৩ সালের জার্মানি এবং ১৯৩৮ সালের জার্মানির মতো বলেও ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৪