ভারতে করোনা সংক্রমণকে নজিরবিহীন বললেন জয়শঙ্কর, মন্ত্রীদের বিদেশ সফর বাতিল
https://parstoday.ir/bn/news/india-i78217-ভারতে_করোনা_সংক্রমণকে_নজিরবিহীন_বললেন_জয়শঙ্কর_মন্ত্রীদের_বিদেশ_সফর_বাতিল
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর করোনাভাইরাসের সংক্রমণকে নজিরবিহীন ও উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। আজ (বৃহস্পতিবার) সংসদে তিনি ওই মন্তব্য করেন। অন্যদিকে, গোটা দেশে ৭৩ জনের করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন লোকসভায় জানিয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১২, ২০২০ ১৫:৩৪ Asia/Dhaka
  • ভারতে করোনা সংক্রমণকে নজিরবিহীন বললেন জয়শঙ্কর, মন্ত্রীদের বিদেশ সফর বাতিল

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর করোনাভাইরাসের সংক্রমণকে নজিরবিহীন ও উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। আজ (বৃহস্পতিবার) সংসদে তিনি ওই মন্তব্য করেন। অন্যদিকে, গোটা দেশে ৭৩ জনের করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন লোকসভায় জানিয়েছেন।

এদিকে, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, "আগামীদিনে সরকারের কোনও মন্ত্রী বিদেশে যাবেন না। আমি দেশবাসীর কাছে অপ্রয়োজনীয় সফর এড়াতে অনুরোধ  করছি। আমরা এর বিস্তার আটকাতে পারি এবং অতিরিক্ত ভিড় এড়িয়ে সবার সুরক্ষা নিশ্চিত করতে পারি।"  

প্রতিদিন যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক! নজিরবিহীন পরিস্থিতিতে নজিরবিহীন ব্যবস্থা নিতে হবে।’ তিনি এসময়ে অপ্রয়োজনে সফরে না যাওয়ার পরামর্শ দিয়ে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর 

আজ সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ নিশ্চিত হলে সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণের পরীক্ষার জন্য দেশে ১৫টি ল্যাবরেটরির পরিকাঠামো তৈরি করা হয়েছে বলেও তিনি জানান।

অন্যদিকে, আজ দিল্লি সরকার করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। এছাড়াও, ৩১ মার্চের মধ্যে দিল্লির সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ করার আদেশ জারি করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ এসংক্রান্ত ঘোষণা করেন। এছাড়া যেসব শিক্ষাকেন্দ্রে পরীক্ষা শেষ হয়েছে এরকম সমস্ত স্কুল ও কলেজ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। দিল্লিতে করোনার ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ জন। দিল্লিতে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।#  পার্সটুডে/এমএএইচ/এআর/১২