মানুষকে সচেতন করতে এবার মাইক হাতে মমতা, লকডাউন মেনে চলার আহ্বান (ভিডিও)
https://parstoday.ir/bn/news/india-i79254-মানুষকে_সচেতন_করতে_এবার_মাইক_হাতে_মমতা_লকডাউন_মেনে_চলার_আহ্বান_(ভিডিও)
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতি সম্পর্কে বলেছেন, ‘ভারতে এরকম লকডাউনের পরিস্থিতি আগে কখনও তৈরি হয়নি। কখনও এভাবে ঘরবন্দি হয়ে মানুষকে থাকতে হয়নি। সেজন্য আজকে আমরা খুব কষ্টে আছি, দুঃখে আছি।’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২১, ২০২০ ১৪:৪৮ Asia/Dhaka
  • রাজাবাজার ও পার্কসার্কাস এলাকায় গাড়িতে বসে প্রচারণা চালান মমতা বন্দ্যোপাধ্যায়
    রাজাবাজার ও পার্কসার্কাস এলাকায় গাড়িতে বসে প্রচারণা চালান মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতি সম্পর্কে বলেছেন, ‘ভারতে এরকম লকডাউনের পরিস্থিতি আগে কখনও তৈরি হয়নি। কখনও এভাবে ঘরবন্দি হয়ে মানুষকে থাকতে হয়নি। সেজন্য আজকে আমরা খুব কষ্টে আছি, দুঃখে আছি।’

তিনি আজ (মঙ্গলবার) বিকেলে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার বিভিন্ন এলাকা গাড়িতে করে ঘুরে দেখেন এবং গাড়িতে বসেই মাইক্রোফোন হাতে নিতে মানুষজনকে লকডাউন মেনে চলাসহ বিভিন্ন পরামর্শ দেওয়ার সময় ওই মন্তব্য করেন। 

মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন। করোনাকে ভয় পাওয়ার কোনও কারণ নেই, যদি আপনারা ঠিকমত চলে পারেন। আমরা লকডাউন করতে বাধ্য হয়েছি কারণ কেন্দ্রীয় সরকার আমাদের লকডাউন করতে বলেছে। আমরা সেটা করছি। কিন্তু মনে রাখবেন বাংলায় এখনও কতগুলো ছোট ছোট বাজার খোলা আছে, কিছু মুদি দোকান খোলা আছে যাতে মানুষের সাধারণ সামগ্রী পেতে অসুবিধা না হয়। কিন্তু সবকিছু বন্ধ থাকায় অনেকের অনেক কষ্ট হচ্ছে। কিন্তু কী করবেন বলুন।  কিন্তু তা সত্ত্বেও আপনাদের ভালো থাকতে হবে। আপনাদের শুভকামনা দেওয়ার জন্যই আপনাদের কাছে আমার আসা। যাতে আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।’

মমতা বলেন, ‘যদি মনে করেন যে আপনার এলাকায় লকডাউনের জন্য আপনার কোনও সমস্যা হচ্ছে আপনি স্থানীয় পুলিশকে নিশ্চয়ই জানাবেন। যদি দেখেন আপানার এখানে খাবারের সমস্যা হচ্ছে আপনি স্থানীয় পুলিশকে নিশ্চয়ই জানাবেন। যদি দেখেন আপনার কেউ হাসপাতালে ভর্তি হতে পাচ্ছে না তাহলে স্থানীয় পুলিশকে অবশ্যই জানাবেন, তাঁদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া আছে।’ 

মুখ্যমন্ত্রী আজ করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে জনসাধারণকে সচেতন করতে মাঠে নেমে কোলকাতার পার্কসার্কাস, রাজাবাজার প্রভৃতি এলাকায় গাড়িতে বসেই মাইকে বক্তব্য দিয়ে সবাইকে লকডাউন মেনে চলে বাসায় থাকার আবেদন জানান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।