করোনা মারণভাইরাস রুখে সামাজিক দূরত্ব বজায় রাখতে বললেন মোদি
-
নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘করোনা মারণভাইরাসকে রুখতে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’ তিনি আজ (সোমবার) বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা ও লকডাউন ইস্যুতে ভিডিও কনফারেন্সে ওই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের বলেন, তারা যেন নিজের রাজ্যের রেড জোনগুলোকে ক্রমে কমলা ও পরে সেগুলোকে সবুজ জোনে পরিণত করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘ভয় পেলে হবে না। সাহসের সঙ্গে লড়াই করে দেশের প্রতিটি মানুষের প্রাণ রক্ষা করতে হবে। লকডাউনে দেশের অর্থনীতির প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি এখন করোনা মোকাবিলায় জোর দিতে হবে।’
মাস্ক এবং মুখ ঢাকার বিষয়টি যাতে নাগরিক জীবনের অঙ্গ হয়ে ওঠে সে ব্যাপারেও জোর দেওয়ার উপরে প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করেন।
এদিকে, আগামী ২১ মে পর্যন্ত লকডাউন থাকতে পারে ভেবে রাজ্য সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আজ রাজ্য সচিবালয় নবান্নে তিনি এসংক্রান্ত মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সংক্রমণের মাত্রা অনুসারে রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন হিসেবে যে জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে তা প্রকাশ করা হবে। এরফলে মানুষ নিজেরাই সচেতন হতে পারবেন এবং নিজেদের মতো করেই আরও সতর্ক থাকতে পারবেন।
মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কার্যত ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন্দ্রের সিদ্ধান্তে স্বচ্ছতা নেই। তিনি বলেন, ‘একবার কেন্দ্র বলছে কড়া হাতে লকডাউন কার্যকর করতে। আবার অন্যদিকে সব দোকান খুলে দিতে সার্কুলার দিচ্ছে। দোকান খুললে তো রাস্তায় লোক বেরোবেন। আমি তাদের কীভাবে না করব।’
কেন্দ্র কোনও সিদ্ধান্ত নেয়ার সময় রাজ্যের সঙ্গে কোনও পরামর্শ করছে না বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।