কোলকাতাসহ পশ্চিমবঙ্গের ৪ জেলা রেড জোন, কন্টেইনমেন্ট জোন ২২৭
https://parstoday.ir/bn/news/india-i79422-কোলকাতাসহ_পশ্চিমবঙ্গের_৪_জেলা_রেড_জোন_কন্টেইনমেন্ট_জোন_২২৭
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় করোনাজনিত কারণে রেড জোন বা স্পর্শকাতর এলাকা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। পশ্চিমবঙ্গের কোলকাতা, হাওড়া,  উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। কন্টেইনমেন্ট জোন (নিয়ন্ত্রিত এলাকা) বেড়ে হয়েছে ২২৭।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২৮, ২০২০ ১১:৩৪ Asia/Dhaka
  • কোলকাতাসহ পশ্চিমবঙ্গের ৪ জেলা রেড জোন, কন্টেইনমেন্ট জোন ২২৭

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় করোনাজনিত কারণে রেড জোন বা স্পর্শকাতর এলাকা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। পশ্চিমবঙ্গের কোলকাতা, হাওড়া,  উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। কন্টেইনমেন্ট জোন (নিয়ন্ত্রিত এলাকা) বেড়ে হয়েছে ২২৭।

গত সপ্তাহে কোলকাতা পৌরসভা সূত্রে পঞ্চাশটিরও বেশি ওয়ার্ডের ১১২টি রাস্তা বা এলাকা কন্টেইনমেন্ট তালিকার মধ্যে ছিল। কিন্তু এবার রাজ্য সরকারের তথ্যে প্রকাশ, শহরের ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০৫টি ওয়ার্ডকে স্পর্শকাতর জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ওয়ার্ডগুলোর ২২৭ টি রাস্তা বা এলাকাকে কন্টেইনমেন্ট হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

কোলকাতার রাজাবাজার, গার্ডেনরিচ, ইকবালপুর, মোমিনপুর,  উল্টোডাঙা, কাঁকুড়গাছি, বেলগাছিয়া, চিংড়িঘাটা, পাটুলি, শহিদ স্মৃতি কলোনি, শিয়ালদহ, তালতলা, কালীঘাট, রাসবিহারী, বেলতলা, ভবানীপুর, বালিগঞ্জ, যাদবপুরসহ উত্তর, মধ্য এবং দক্ষিণ কোলকাতার একাধিক এলাকা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইতোমধ্যেই পুলিশ প্রশাসন শহরের বিভিন্ন রেড জোন, বিশেষত বিভিন্ন বস্তি এলাকা, ঘিরে দিয়েছে। প্রত্যেকটি স্পর্শকাতর জায়গাতেই বাসিন্দাদের স্বাস্থ্যজরিপ চলছে। এসব রেড জোনে বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ভিতরের বাসিন্দাদের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। খুব জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াতে বাধা দিচ্ছে পুলিশ। এসব এলাকায় পুলিসের কমব্যাট ফোর্স নামিয়ে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে বারবার জনগণের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া হলেও একাংশের মানুষ তা মেনে না চলায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন বাজারগুলোতে ভিড় দেখলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। লকডাউন বিধিভঙ্গ করলেই পুলিশ তাকে গ্রেফতার করছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।