আইপিএল: হেরেই চলেছে রাইজিং পুনে, নিজকেই দুষলেন অধিনায়ক ধোনি
https://parstoday.ir/bn/news/india-i8239-আইপিএল_হেরেই_চলেছে_রাইজিং_পুনে_নিজকেই_দুষলেন_অধিনায়ক_ধোনি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুপারজায়ান্টসকে ৮ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। চলমান আইপিএলে ৯ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে রোহিত শর্মার দল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০১, ২০১৬ ২০:৩১ Asia/Dhaka
  • রোহিত শর্মার হাফ-সেঞ্চুরির উৎযাপন দেখছেন ধোনি
    রোহিত শর্মার হাফ-সেঞ্চুরির উৎযাপন দেখছেন ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুপারজায়ান্টসকে ৮ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। চলমান আইপিএলে ৯ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে রোহিত শর্মার দল।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে মহেন্দ্র সিং ধোনির দল। জবাবে ৯ বল হাতে রেখেই ২ উইকেটে ১৬১ রান তুলে জয় নিশ্চিত করে মুম্বাই ইন্ডিয়ান্স।

১৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং পার্থিব পাটেল। তৃতীয় ওভারের শেষ বলে পাটেল ১৫ বলে ২১ রান করে আউট হলে মাঠে নামেন আমবাতি রায়দু। রোহিত শর্মা তাকে নিয়ে রানের চাকা এগিয়ে নিয়ে যেতে থাকেন। দলীয় ৯১ রানের মাথায় রায়দু ২২ রানে ফিরে গেলেও মাত্র ৩৮ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন রোহিত শর্মা। এরপর বাটলারের সঙ্গে অবিচ্ছিন্ন ৭০ রানের পার্টনারশিপ গড়েন মুম্বাইয়ের দলপতি। শেষ পর্যন্ত রোহিত ৬০ বলে ৮৫ রান করে এবং বাটলার ১৭ বলে ২২ রান করে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

এর আগে প্রথম ইনিংসে সৌরভ তিওয়ারি এবং স্টিভেন স্মিথের ব্যাটের ওপর ভর করে ১৫৯ রান করে পুনে। মাত্র ৪ রান করে ওপেনার অজিঙ্কা রাহানে আউট হলেও প্রাথমিক বিপর্যয় বেশ ভালোভাবেই মোকাবিলা করেন তিওয়ারি ও স্মিথ। তারা ৮৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। কিন্তু ২৩ বলে ৪৫ রান করে স্মিথ এবং ৪৫ বলে ৫৭ রান করে তিওয়ারি আউট হলে আবারও রানের চাকায় লাগাম ধরে ফেলে মুম্বাইয়ের বোলাররা। অধিনায়ক ধোনি ২৪ বলে ২৪ রান এবং থিসারা পেরেরা ৯ বলে ১২ রান করে ১৫৯ রানের সংগ্রহ দাঁড় করায়।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন ধোনি বলেন, “আমাদের শুরুটা ভালো ছিল, প্রথম উইকেট হারানোর পর আমরা বেশ ভালোভাবেই সামলে নিয়েছিলাম। কিন্তু দশ ওভারের পর আমরা একদমই ভালো খেলতে পারেনি, আর আমি আমার নিজের কথাও বলছি। এই রকম উইকেটে ২৩ বলে ২৪ রান করাটা দলকে খুব একটা সাহায্য করবে না।”

তিনি আরও বলেন, “একটা সময় আমরা নিজেদের উইকেট নিয়ে অনেক বেশী চিন্তা করছিলাম, উইকেট ধরে খেলার চেষ্টা করছিলাম। কিন্তু আমরা এখানে ভুল করেছি। এরকম পিচে উইকেটের কথা চিন্তা না করে, আমাদের আক্রমণাত্মক হয়ে খেলতে হতো। তবে আশার কথা আমাদের বোলিং উন্নতি করেছে কিন্তু ম্যাচ না জিততে পারলে এটির কোনো সফলতা নেই। সামনের ম্যাচগুলোতে আমরা আমাদের পরিকল্পনায় কিছু পরিবর্তন আনব।”

আইপিএলের চলতি মৌসুমের নবাগত দল রাইজিং পুনে সুপারজায়ান্টস। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছে তারা। আর তার ছয়টিতেই হেরে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে মহেন্দ্র সিং ধোনির দল।#

আশরাফুর রহমান/১