আমরা বিহারে সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক কাজ করেছি: নীতিশ কুমার
-
বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমার
ভারতের বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমার বলেছেন, আমরা বিহারে সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক কাজ করেছি। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (সোমবার) এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।
তিনি গত ১৫ বছরে কীভাবে বিহারের আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও বিদ্যুতের ক্ষেত্রে কাজ হয়েছে সেসব আজ উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, ‘আমরা কবরস্থানে প্রাচীর দেওয়ার কাজ করেছি। আমরা ৮ হাজার ৬৪ টি কবরস্থান শনাক্ত করেছি এবং এরমধ্যে ৬ হাজার ২৯৯ টি তে প্রাচীর দেওয়া হয়েছে।’তিনি আরও বলেন, ‘আমরা সংখ্যালঘু কর্মসংস্থান প্রকল্প শুরু করেছি। ভাগলপুর দাঙ্গায় আক্রান্তদের পেনশন দেওয়া হয়েছে। মাদ্রাসার উন্নয়নে কাজ করেছি। স্কুলে উর্দু শিক্ষা এবং উর্দু শিক্ষকদের নিয়োগের বিষয়ে কাজ করা হয়েছে।’তিনি এদিন রাজ্যের বিভিন্ন মন্দিরে প্রাচীর নির্মাণের কথাও উল্লেখ করেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে কবরস্থানের প্রাচীর নির্মাণ একটি বড় ইস্যু ছিল। বিজেপি তৎকালীন অখিলেশ যাদব সরকারের বিরুদ্ধে কবরস্থানের প্রাচীর নির্মাণের অজুহাতে ‘তোষণের রাজনীতি’র অভিযোগ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর বক্তব্যে বলেছিলেন, যদি কবরস্থান নির্মাণ করা হয় তাহলে শ্মশানও নির্মাণ করা উচিত। যদি রমজানে বিদ্যুৎ থাকে তাহলে দেওয়ালিতেও বিদ্যুৎ থাকা প্রয়োজন।
অন্যদিকে, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি সেসময় সাফাইতে জানিয়েছিল যে কবরস্থানের পাশাপাশি তারা শ্মশানঘাটের উন্নয়ন করেছে। তারা ধর্মীয় কোনও বৈষম্য ছাড়াই জনকল্যাণে কাজ করেছেন। যদিও ওই নির্বাচনে সমাজবাদী পার্টি পরাজিত হয় এবং বিজেপি ক্ষমতায় আসে।
বিহারে বর্তমানে জেডিইউ-বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে। এবং রাজ্যটিতে জেডিইউ প্রধান নীতিশ কুমারের নেতৃত্বে জোট নির্বাচন লড়াইতে নেমেছে।
অন্যদিকে, আজ বিহার বিধানসভার বিরোধী দলনেতা ও আরজেডি নেতা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সমালোচনা করে বলেন, ‘২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আরজেডি বৃহত্তম দল ছিল কিন্তু নীতীশকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। নীতীশ কুমার জনাদেশকে অপমান করেছেন।তিনি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। প্রতারণার ক্ষেত্রে নীতীশ কুমারের ইতিহাস রয়েছে। উনি বিজেপিকেও ধোঁকা দিয়েছেন, আরজেডি’র সঙ্গেও প্রতারণা করেছেন। শারদ যাদব ও অন্যান্য নেতাদেরও প্রতারণা করা হয়েছে।’নীতীশের আর কোনও শক্তি নেই, তিনি নির্বাচনে পরাজিত হবেন বলেও বিরোধী দলনেতা ও আরজেডি নেতা তেজস্বী যাদব মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।