মুস্তাফিজ-নেহরার বোলিংয়ে মুম্বাইয়ের হার, আইপিএলের শীর্ষে হায়দ্রাবাদ
https://parstoday.ir/bn/news/india-i8797-মুস্তাফিজ_নেহরার_বোলিংয়ে_মুম্বাইয়ের_হার_আইপিএলের_শীর্ষে_হায়দ্রাবাদ
শিখর ধাওয়ানের দারুণ ব্যাটিং এবং মুস্তাফিজ-নেহরার দাপুটে বোলিংয়ে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮৫ রানে হারিয়েছে হায়দ্রাবাদ। এর ফলে এই প্রথম আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল ডেভিড ওয়ার্নারের দল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০৮, ২০১৬ ১৭:২৩ Asia/Dhaka
  • মুস্তাফিজুর রহমান ও আশিষ নেহরা
    মুস্তাফিজুর রহমান ও আশিষ নেহরা

শিখর ধাওয়ানের দারুণ ব্যাটিং এবং মুস্তাফিজ-নেহরার দাপুটে বোলিংয়ে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮৫ রানে হারিয়েছে হায়দ্রাবাদ। এর ফলে এই প্রথম আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল ডেভিড ওয়ার্নারের দল।

বিশাখাপত্তম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করা হায়দ্রাবাদ ২০ ওভারে তিন উইকেট হারিয়ে তোলে ১৭৭ রান। জবাবে, মুস্তাফিজ-আশিষ নেহরার বোলিং তোপে পড়ে ১৬.৩ ওভারে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় মুম্বাই।

১৭৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে মুম্বাই। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির ওপেনার ও দলপতি রোহিত শর্মা ৫, পার্থিব প্যাটেল ০, আম্বাতি রাইডু ৬, ক্রুনাল পান্ডে ১৭, জোস বাটলার ২, পোলার্ড ১১, হারদিক পান্ডে ৭, টিম সাউদি ৩, জাসপ্রিত বুমরাহ ৬ আর ম্যাকক্লেনাঘেন ৮ রান করে বিদায় নেন। হরভজন সিং অপরাজিত ২১ রান করলে পরাজয়ের ব্যবধান কিছুটা কমায় মুম্বাই। ১৬.৩ ওভারে গুটিয়ে যায় মুম্বাইয়ের ইনিংস।

হায়দ্রাবাদকে দ্রুত গুটিয়ে দিতে মুস্তাফিজ ৩ ওভারে তুলে নেন তিনটি উইকেট। মুস্তাফিজের শিকারে সাজঘরে ফেরেন হারদিক পান্ডে, টিম সাউদি আর ম্যাকক্লেনাঘেন। একটি মাত্র বাউন্ডারি হজম করে খরচ করেন মাত্র ১৬ রান। তার ১৮ বলের ৮টি বল থেকেই কোনো রান নিতে পারেননি মুম্বাই ব্যাটসম্যানরা।

হায়দ্রাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার ৩ ওভারে ২৩ রান দিয়ে নেন একটি উইকেট। আশিষ নেহরা ৩ ওভারে ১৫ রানের বিনিময়ে নেন তিনটি উইকেট। বারিন্দ্রার স্রান ৩.৩ ওভারে ১৮ রান খরচায় তুলে নেন দুটি উইকেট। আর বাকি একটি উইকেট দখল করেন ৪ ওভারে ১৮ রান দেয়া হেনরিকস।

এর আগে দুই ওপেনার ওয়ার্নার ও শিখর ধাওয়ানে ব্যাটেই শক্ত ভিত তৈর করে ফেলে হায়দরাবাদ। ৪৮ রানের ইনিংস খেলে আউট হন ওয়ার্নার। ৩৩ বলে ৭টি চার আর একটি ছক্কায় করেন ৪৮ রান তিনি। আরেক ওপেনার শিখর ধাওয়ান ৫৭ বলে ১০টি চার আর একটি ছক্কায় ৮২ রান করে অপরাজিত থাকেন।

তিন নম্বরে নামা কেন উইলিয়ামসন ২ রান করে বিদায় নেন। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে যুবরাজ সিং মাত্র ২৩ বল মোকাবেলা করে তিনটি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারিতে করেন ৩৯ রান।

মুম্বাইয়ের হয়ে ৪ ওভারে ২৯ রান খরচায় দুটি উইকেট নেন হরভজন সিং। একটি উইকেট পান মিচেল ম্যাকক্লেনাঘেন।#

আশরাফুর রহমান/৮