পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ইস্যুতে সংসদে সোচ্চার বিরোধীরা, অধিবেশন মুলতুবি
ভারতে রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিরোধীদলীয় সদস্যরা তীব্রভাবে সোচ্চার হয়েছেন। আজ (সোমবার) সভার শুরুতে কংগ্রেসের এমপিরা পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে সংসদে আলোচনার দাবিতে স্লোগান দিতে থাকেন।
অন্যদিকে, তৃণমূল এমপিরা অধিবেশন মুলতুবি করার দাবি জানান। সংসদে ব্যাপক হট্টগোলের জেরে অধিবেশনের কাজ চার দফায় মুলতুবি করে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় অবশেষে আগামীকাল (মঙ্গলবার) বেলা ১১ টা পর্যন্ত অধিবেশন স্থগিত করে দিতে বাধ্য হন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কইয়া নাইডু। তৃণমূলের সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় আবেদন জানান, ভোটপ্রচারের জন্য তৃণমূলের বেশিরভাগ এমপিই এখন বাংলায়। সেজন্য আপাতত এই অধিবেশন মুলতুবি ঘোষণা করা হোক। কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়।
আজ রাজ্যসভার অধিবেশনের শুরুতেই কংগ্রেসের সিনিয়র নেতা ও বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে বলেন, অন্য বিষয় বাদ রেখে শুধু পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়েই আলোচনা হোক। তিনি বলেন, ‘আজ দেশের কোথাও প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০০ টাকা। এক লিটার ডিজেলের দামও ৮০টাকা ছাড়িয়েছে। দাম বেড়েছে এলপিজিরও। ২০১৪ থেকে ২১ লাখ কোটি টাকা শুধু আবগারি শুল্ক হিসাবে সরকার নিয়েছে। এ জন্যই উত্তরোত্তর দাম বাড়ছে পেট্রল-ডিজেল এবং রান্নার গ্যাসের। গোটা দেশ এর জন্য ভুগছে।’ কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান মল্লিকার্জুন খাড়্গের দাবি নাকচ করে দেন।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।