মুস্তাফিজ-ভুবনেশ্বর নিস্প্রভ: দিল্লির কাছে ৭ উইকেটে হারল হায়দ্রাবাদ
-
কুইন্টেন ডি কক
মুস্তাফিজুর-ভুবনেশ্বরের বাজে বোলিংয়ের দিনে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারাল দিল্লি ডেয়ারডেভিলস।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা হায়দ্রাবাদ ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। প্রথম তিন ব্যাটসম্যানের মধ্যে ডেভিড ওয়ার্নার ৩০ বলে ৪৬, শিখর ধাওয়ান ৩৭ বলে ৩৪, কেন উইলিয়ামসন ২৪ বলে ২৭ রান করেন। এরপরের ১০ রানের একটি ইনিংস বাদে সবাই আউট হন এক অঙ্কেই। আর তাই উদ্বোধনী জুটিতে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ধাওয়ানকে নিয়ে ৬৭ রানের জুটি গড়লেও শেষ পর্যন্ত কম পুঁজিতেই সন্তুষ্ট থাকতে হয়।
দিল্লির পক্ষে দুইটি করে উইকেট নেন অজি ফাস্ট বোলার নাথান-কৌল্টার নিল এবং লেগ স্পিনার অমিত মিশ্রা। এছাড়াও একটি করে উইকেট লাভ করেন জয়ন্ত যাদব, মোহাম্মদ সামি ও প্রোটিয়াদের মিডিয়াম ফাস্ট বোলার ক্রিস মরিস।
১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের উইকেট হারায় দিল্লি। ১০ রান করে নেহরার বলে আউট হন তিনি। কিন্তু আরেক ওপেনার কুইন্টেন ডি ককের ব্যাটে ভর করে ভালোই জবাব দিতে থাকে দিল্লি। কক যোগ্য সঙ্গী হিসেবে পান চার নম্বরে নামা করুন নায়ারকে। ডি কক-নায়ার জুটি ৫৫ রান যোগ করে দিল্লিকে শক্তিশালী অবস্থানে পৌঁছে দেয়। যদিও অজি অলরাউন্ডার মোসেস হেনরিকেস দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে কিছুটা উত্তেজনা সৃষ্টি করেন। কক ৫ চার ও ২ ছয়ে ৩১ বলে ৪৪ রানের দর্শনীয় এক ইনিংস খেলেন। ৩৯ রানে অপরাজিত থাকেন রিশাব পান্ত। ন্যদিকে সাঞ্জু স্যামসনও ৩৪ রানে নট আউট থেকে মাঠ ছাড়েন।
হায়দরাবাদের পক্ষে দুইটি উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ান ফাস্ট মিডিয়াম বোলার ময়িসেস হেনরিক্স এবং একটি গেছে আশিস নেহরার দখলে। ৪ ওভার বল করে সর্বোচ্চ ৩৯ রান দিয়েছেন মুস্তাফিজ। ভুবনেশ্বর চার ওভারে দিয়েছেন ৩২ রান। তারা কেউই উইকেট শিকার করতে পারেন নি।
তবে, এ হারের পেছনে বোলারদের নয়, ব্যাটসম্যানদের ব্যর্থতাকে দায়ী করেছেন হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তার মতে, প্রথম ইনিংসের স্কোর থেকে ২০-৩০ রান কম ছিল। ওয়ার্নার বলেন, ‘বোলাররা ভাল জায়গায় বল করেছে। আমাদের ব্যাটসম্যানরা আজ সফল ছিল না। আমরা দ্বিতীয় ইনিংসে প্রতি মুহূর্তে ৮ বল পিছিয়ে ছিলাম।’
অপরদিকে দারুণ জয়ে দলের তরুণ ক্রিকেটারদের বাহবা দেন দিল্লির অধিনায়ক জেপি ডুমিনি। বললেন,‘আমাদের বোলাররা প্রথম ইনিংসের দারুণ বল করেছে। আমরা সবসময় বোলারদের নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। দলের একাদশও ভালো ছিল। চাপের মুখে দলের তরুণরাও ভাল খেলছে।’#
আশরাফুর রহমান/১৩