মুম্বাইকে ৭ উইকেটে হারাল পাঞ্জাব, ভুল স্বীকার করলেন রোহিত শর্মা
-
ম্যাচ সেরা মার্কাস স্টাইনিসের উল্লাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের ৪৩তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
বিশাখাপত্তমে টসে জিতে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান সংগ্রহ করে রোহিত শর্মা মুম্বাই। জবাবে, ১৭ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রীতি জিনতার পাঞ্জাব।
১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই পাঞ্জাবের প্রোটিয়ান ওপেনার হাশিম আমলা শূন্যরানে ডানহাতি কিউই পেসার টিম সাউদির বলে আউট হন। এরপর দলের অধিনায়ক মুরলি বিজয় ও ঋদ্ধিমান সাহার ব্যাটে ভর করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।
মুরালি করেন ৫২ বলে ৫৪ রান। তার অপরাজিত ইনিংসটি ছিল ৫টি চার আর একটি ছক্কায় সাজানো। ঋদ্ধিমান সাহা ৪০ বলে ৬টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারিতে করেন ৫৬ রান। এরপর চার নম্বরে নেমে গ্লেন ম্যাক্সওয়েলও বিনা রানে ম্যাকক্লেনাগানের বলে কাইরন পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে মাঠ ত্যাগ করেন। ম্যাক্সওয়েলের পর গুরকেরাত সিং মাঠে নামলে আর কোনো উইকেট হারাতে হয়নি মুম্বাইয়ের। তিনি মাত্র দুই রান সংগ্রহ করলে দলের জয় নিশ্চিত হয়ে যায়।
এর আগে টিসে জিতে ব্যাট করতে নেমে পাঞ্জাবের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১২৪ রানে থামে মুম্বাই। শুরুতে নেমে একের পর এক উইকেট হারিয়ে বিপদের মুখে পরে মুম্বাই। চার নম্বরে ব্যাটিং করতে নামেন বাঁহাতি ব্যাটসম্যান নিতিশ রানা। ৩টি ছয়ের সাহায্যে ২৫ রান করে তিনি মার্কাস স্টাইনিসের বলে আউট হন। ৬১ রানে পাঁচ উইকেট হারানোর পর কাইরন পোলার্ড ও ক্রুনাল পান্ডে ৪২ রানের জুটি গড়েন। ২০ বলে ৩ ছয় হাঁকিয়ে ২৭ রান করে মার্কাস স্টাইনিসের বলে বোল্ড আউট হয়ে মাঠ ছাড়েন পোলার্ড। এছাড়া ছয়ে নেমে ক্রুনাল পান্ডে সংগ্রহ করেছেন ১৯ রান ও ওপেনিং নেমে অধিনায়ক রোহিত শর্মা সংগ্রহ করেছেন ১৫ রান।
পাঞ্জাবের হয়ে সবচেয়ে বেশী উইকেট নিয়েছেন ডানহাতি অস্ট্রেলিয়ান পেসার মার্কাস স্টাইনিস। তিনি ৪ ওভার বল করে মাত্র ৩.৭৫ ইকোনমি রেটে ১৫ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন। এছাড়া সন্দ্বীপ শর্মা ও মোহিত শর্মা নিয়েছেন দুটি করে উইকেট। ৪ ওভার বল করে মাত্র ২.৭৫ স্ট্রাইক রেটে ১১ রান দিয়েছেন সন্দ্বীপ শর্মা। এছাড়া আক্সার প্যাটেল নিয়েছেন একটি উইকেট।
ম্যাচ শেষে প্রশ্নোত্তর পর্বে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা বলেন, “অনেক বাজে একটা পারফর্মেন্স ছিল আজকে, কোনো কিছুতে আমরা আজকে ভালো করিনি। তবে উইকেটে ব্যাট করা মোটেও সহজ কাজ ছিল না, এটি সত্যি। আমাদের শুরুতেই পরিকল্পনায় ভুল ছিল। উইকেট অনেক মন্থরও ছিল, তবে আমরা একটু চেষ্টা করতে পারতাম, আমাদের চেষ্টায় ঘাটতি ছিল। ১২৫ রান করে এই রকম ম্যাচে জেতার আশা করা যায় না।”
তিনি আরও বলেন, “পাঞ্জাব এই পরিস্থিতিটার ভালো সুযোগ লাগিয়েছে; তারা প্রথমে বল করার ফলে উইকেটের ধরণ বুঝতে পেরেছে। আমরা উইকেটের ধরণ বুঝতে দেরি করেছি, আমরা বেশ কিছু নতুন জিনিস করার চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই কিছু হয়নি। আসলে, মাঝেমধ্যে বেশী আলোচনা করলে কোনো ফলাফলই আসে না। আমরা জানি আমাদের কী করতে হবে, এখানে আমরা দুইটি ম্যাচ খেলে ফেলেছি। এখানে ১৪০ রান হল জেতার মতন একটি স্কোর।”
প্রসঙ্গত, চলমান আইপিএলে ১১ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে রয়েছে পাঞ্জাব। অন্যদিকে ১২ ম্যাচে ৬ জয় নিয়ে ৫ নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স।#
আশরাফুর রহমান/১৪