কোহলি-ভিলিয়ার্সের ২২৯ রানের জুটিতে আইপিএলে ইতিহাস গড়ল ব্যাঙ্গালুরু
https://parstoday.ir/bn/news/india-i9322-কোহলি_ভিলিয়ার্সের_২২৯_রানের_জুটিতে_আইপিএলে_ইতিহাস_গড়ল_ব্যাঙ্গালুরু
বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের ২২৯ রানের রেকর্ড জুটির পর ও যোগেন্দ্র চাহাল-ক্রিস জর্ডান-শচীন বেবি’র বোলিং তাণ্ডবে গুজরাট লায়ন্সকে ১৪৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রয়্যাল চ্যাঞ্জের্স ব্যাঙ্গালুরু।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১৪, ২০১৬ ১৮:২৬ Asia/Dhaka
  • বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স
    বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স

বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের ২২৯ রানের রেকর্ড জুটির পর ও যোগেন্দ্র চাহাল-ক্রিস জর্ডান-শচীন বেবি’র বোলিং তাণ্ডবে গুজরাট লায়ন্সকে ১৪৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রয়্যাল চ্যাঞ্জের্স ব্যাঙ্গালুরু।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে তোলে ২৪৮ রানের পাহাড় গড়ে ব্যাঙ্গালুরু। ২৪৯ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় গুজরাট লায়ন্স। ফলে ১৪৪ রানের জয় তুলে নেয় কোহলির দল। আইপিএলে এটি সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়ের রেকর্ড। এর আগে আইপিএলের প্রথম আসরে কোলকাতা নাইট রাইডার্সকে ১৪০ রানে ব্যবধানে হারিয়েছিল বেঙ্গালুরু।

গুজরাট অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে নেমে ৩.৫ ওভারে মাত্র ১৯ রানে ক্রিস গেইল ৬ রানে ফিরে যান। কিন্তু এরপর ডি ভিলিয়ার্স আর বিরাট কোহলি যেভাবে ব্যাট করেছেন তাতে এই ম্যাচটি ভুলে যেতে চাইবেন প্রবীন কুমার, রবীন্দ্র জাদেজা ও ডোয়াইন ব্রাভোরা।

৫২ বলে অপরাজিত ১২৯ রানের দানবীয় ইনিংস খেলেছেন ভিলিয়ার্স। যার মধ্যে ছিল ১২টি ছক্কা ও ১০টি চারের মার। অন্যদিকে ৫৪ বলে ১০৯ রান করেছেন কোহলি। যার মধ্যে ছিল আটটি ছক্কা ও পাঁচটি চারের মার। এটি চলমান আইপিএলে কোহলির তৃতীয় সেঞ্চরী। কোহলি-ভিলিয়ার্স মিলে গড়েছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জুটির বিশ্বরেকর্ডও। আগের রেকর্ডটিও তাদের দুজনেরই ছিল, গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে করেছিলেন ২১৩ রান। আজ নিজেদের রেকর্ডটাকে নতুন করে লিখেছেন কোহলি-ডি ভিলিয়ার্স, গড়েছেন ২২৯ রানের জুটি।

কোহলি-ভিলিয়ার্স তাণ্ডব মোকাবেলায় গুজরাট দলপতি ম্যাককালাম সাতজন বোলারকে ঘুরিয়ে-ফিরিয়ে বোলিং আক্রমণে আনেন। এক রবীন্দ্র জাদেজা (৮.৫০ ইকোনমি) ছাড়া বাকি সব বোলারই এগারোর উপরে ইকোনমি রেখে বোলিং শেষ করেছেন। শেষ ওভারের শেষ দুই বলে প্রবীন কুমার ফিরিয়ে দেন কোহলি ও ওয়াটসনকে। ১২৯ রানের অপরাজিত থেকে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ভিলিয়ার্স।

বিশাল রানের পাহাড় টপকাতে নেমে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে গুজরাট। দলীয় ৪৭ রানের মাথায় ফিরে যান পাঁচ ব্যাটসম্যান। এক এক করে আউট হন ডোয়াইন স্মিথ, ব্রেন্ডন ম্যাককালাম, রবীন্দ্র জাদেজা, দিনেশ কার্তিক, ডোয়াইন ব্রাভো। শেষ পর্যন্ত ১০৪ রানে অলআউট গুজরাট।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন অ্যারন ফিঞ্চ। এছাড়া ব্রেন্ডন ম্যাককালাম ১১ ও রবীন্দ্র জাদেজা ২১ রান করলেও বাকি ব্যাটসম্যানদের কেউই নিজেদের রান সংখ্যা দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেননি।

ব্যাঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন ক্রিস জর্ডান। এছাড়া যুবেন্দ্র চাহাল তিনটি, শচিন ববি দু’টি ও শ্রীনাথ অরবিন্দ একটি উইকেট নেন।#

আশরাফুর রহমান/১৪