ভারতের সামরিক স্থাপনায় বিস্ফোরণের কারণ সম্ভবত ড্রোন হামলা, বলছে স্থানীয় গণমাধ্যম
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিমানবন্দরের সামরিক স্থাপনায় ড্রোন হামলা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। এতে বলা হয়েছে, গতরাতে (শনিবার রাতে) কয়েক মিনিটের ব্যবধানে ড্রোন হামলার ফলে দু’টি বিস্ফোরণ ঘটেছে।
বিস্ফোরণে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) দুজন সদস্য আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করা হলে ভারতের কোনো সেনা স্থাপনায় এটাই হবে প্রথম কোনো ড্রোন হামলার ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রাতে জম্মু বিমানবন্দরের এয়ার ফোর্স স্টেশনে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রথম বিস্ফোরণটি ঘটে রাত ১টা ৩৭ মিনিটে। এর ৬ মিনিট পর রাত ১টা ৪৩ মিনিটে দ্বিতীয় বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। একটি বিস্ফোরণে ওই স্টেশনের কারিগরি শাখার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমানবাহিনীর তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত দলের জম্মু যাওয়ার কথা রয়েছে। রাজনাথ সিং ও ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানের তিন দিনের লাদাখ সফর শুরুর প্রাক্কালে এই ঘটনা ঘটল।#
পার্সটুডে/এসএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।