জম্মু-কাশ্মীরে সংঘর্ষে ১ সেনা জওয়ান ও ৫ গেরিলা নিহত
https://parstoday.ir/bn/news/india-i94052-জম্মু_কাশ্মীরে_সংঘর্ষে_১_সেনা_জওয়ান_ও_৫_গেরিলা_নিহত
জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে সেনাবাহিনীর ১ জওয়ান ও ৫ গেরিলাসহ মোট ৬ জন নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০২, ২০২১ ১৩:৫২ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে সংঘর্ষে ১ সেনা জওয়ান ও ৫ গেরিলা নিহত

জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে সেনাবাহিনীর ১ জওয়ান ও ৫ গেরিলাসহ মোট ৬ জন নিহত হয়েছে।

এছাড়া এক সেনা জওয়ান আহত হয়েছেন। পুলিশ সূত্রে প্রকাশ, নিহতদের মধ্যে একজন লস্কর-ই-তাইয়্যেবার জেলা কমান্ডার রয়েছে। আজ (শুক্রবার) দক্ষিণ কাশ্মীরের রাজপোরা হানজিন এলাকায় সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।     

সংবাদ সংস্থা ইউএনআই হিন্দি সূত্রে প্রকাশ, পুলওয়ামার হানজিন রাজপোরায় গেরিলাদের উপস্থিতির গোয়েন্দা তথ্য পেয়ে গতকাল (বৃহস্পতিবার) গভীর রাতে সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, আধাসামরিক বাহিনী সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের সদস্য সমন্বিত যৌথ বাহিনীর ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু হয়। নিরাপত্তা বাহিনী যখন সমস্ত বহির্গমন পয়েন্ট সিল করার পরে নির্দিষ্ট টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছিল, সে সময়ে গেরিলারা তাদের উপরে গুলিবর্ষণ শুরু করে। এরপরে  নিরাপত্তা বাহিনীও পাল্টা আক্রমণ শুরু করলে সংঘর্ষ শুরু হয়।   

গণমাধ্যম সূত্রে প্রকাশ, গেরিলাদের গুলিবর্ষণের মধ্যে সেনাবাহিনীর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের দু’জন জওয়ান গুরুতর আহত হন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাবিলদার কাশি রাও নামে এক জওয়ান মারা যান।   

আজ গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর সময়ে সংশ্লিষ্ট এলাকার বেসামরিক বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পুলওয়ামতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বজায় রাখতে পার্শ্ববর্তী এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর জওয়ান। #

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।