রামনাথ-মোদি-মমতার জন্য বাংলাদেশের সুস্বাদু হাড়িভাঙ্গা আম পাঠালেন হাসিনা
https://parstoday.ir/bn/news/india-i94142-রামনাথ_মোদি_মমতার_জন্য_বাংলাদেশের_সুস্বাদু_হাড়িভাঙ্গা_আম_পাঠালেন_হাসিনা
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ হাজার ৬০০ কেজি সুস্বাদু হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৪, ২০২১ ১৪:৫৭ Asia/Dhaka

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ হাজার ৬০০ কেজি সুস্বাদু হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন।

আজ (রোববার) বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ওই আম পাঠানো হয়। বাংলাদেশ ও ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতিতে আজ বাংলাদেশের কর্মকর্তারা ভারতীয় কর্মকর্তাদের হাতে ২৬০টি আমের কার্টন তুলে দেন।    

আজ সীমান্তে বেনাপোল শুল্ক দফতরের ডেপুটি কমিশনার অনুপম চাকমা বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশি বন্ধু। বাংলাদেশ ও ভারতের মধ্যে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি ২৬০ কার্টনে ২৬০০ কেজি আম পাঠানো হয়েছে। বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের শুভেচ্ছা স্মারক হিসেবে ওই আম পাঠানো হয়েছে।’  

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের অতি উৎকষ্ট মানের হাড়িভাঙ্গা আম পাঠিয়েছে। এই আম পাঠানোর মধ্য দিয়ে আমাদের দু’দেশের যে সুন্দর সম্পর্ক তা আরও মজবুত হবে। সেই সম্পর্কের পাশাপাশি দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও আরও দৃঢ় হবে। বিগত দিনেও করোনার যে সরঞ্জাম তাও বাংলাদেশ আমাদের দিয়েছে।’ 

ভারতীয় শুল্ক দফতরের কর্মকর্তা অনীত জৈনের মতে ‘করোনা পরিস্থিতিতে কোভিডের তিক্ততা মিটিয়ে দেবে এ আমের মিষ্টতা।’  সীমান্তে আমের কার্টন হস্তান্তরের সময়ে ভারত ও বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর ও শুল্ক দফতেরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।#            

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।