পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপরে আক্রমণ, রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ  
https://parstoday.ir/bn/news/india-i94708-পশ্চিমবঙ্গের_গ্রন্থাগার_মন্ত্রী_সিদ্দিকুল্লাহ_চৌধুরীর_উপরে_আক্রমণ_রাজ্যের_বিভিন্ন_স্থানে_প্রতিবাদ
ভারতের পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ‘ইয়াস’ বিধ্বস্ত এলাকায় মানুষজনের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে বিক্ষোভ ও আক্রমণের মুখে পড়েছেন। ওই ঘটনার প্রতিবাদে আজ (শনিবার) রাজ্যের বিভিন্ন স্থানে সড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জমিয়তে উলামায়ের হিন্দের কর্মী-সমর্থকরা।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৭, ২০২১ ১২:২৯ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ‘ইয়াস’ বিধ্বস্ত এলাকায় মানুষজনের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে বিক্ষোভ ও আক্রমণের মুখে পড়েছেন। ওই ঘটনার প্রতিবাদে আজ (শনিবার) রাজ্যের বিভিন্ন স্থানে সড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জমিয়তে উলামায়ের হিন্দের কর্মী-সমর্থকরা।  

আজ (শনিবার) রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম রেডিও তেহরানকে বলেন, ‘আমরা পুলিশের কাছে লিখিত অভিযোগ করে জানিয়েছি অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে আমরা পর্যায়ক্রমে আন্দোলনের গতি বাড়াবো।’  তিনি তৃণমূল নেতাদের টার্গেট করে বলেন, ‘ওখানকার স্থানীয় নেতৃত্ব ও পঞ্চায়েত প্রধান শাজাহানের নেতৃত্বে তাঁর লোকজন তৃণমূলের পতাকা নিয়ে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দেয় এবং অকথ্য ভাষায় তাঁকে গালিগালাজ করা হয়। ত্রাণের গাড়ি পুরোটাই তাঁরা লুঠ করে নেয়। মাওলানা সিদ্দিকুল্লাহ এর প্রতিবাদ করেন। পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কোনওপ্রকার নিরাপত্তার ব্যবস্থা করেনি। পুলিশ ত্রাণ লুঠও বন্ধ করতে পারেনি। এটা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক ঘটনা।   ওই ঘটনার প্রতিবাদে আমরা রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছিলাম। কোলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, উত্তরবঙ্গ, মেদিনীপুরসহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানানো হয়েছে। ওই প্রতিবাদ অব্যাহত রাখা হবে বলেও রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম মন্তব্য করেন।    

গতকাল (শুক্রবার) দুপুরে জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়তে উলামায়ে হিন্দ কর্মীদের নিয়ে সরবেড়িয়া পেট্রোল পাম্প সংলগ্ন জামে মসজিদ এলাকায় ত্রাণ বিতরণের জন্য উপস্থিত হন। এ সময়ে ব্যাপক গোলযোগের সৃষ্টি হয়।

জমিয়তে উলামায়ে হিন্দের অভিযোগ, এলাকার কিছু দুর্বৃত্ত ত্রাণের গাড়ি থেকে ত্রাণ সামগ্রী লুঠ করে এবং বিক্ষোভ প্রদর্শনসহ গো ব্যাক ধ্বনি দেয়। এ সময়ে জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীরা বাধা দিতে গেলে ব্যাপক গোলযোগের সৃষ্টি হয়। কয়েকজন কর্মীকে ধাক্কা দেওয়া হয় এবং মন্ত্রীর গাড়ির উপরে চড়াও হয়ে ভাঙচুরের চেষ্টা হয় বলে অভিযোগ। 

গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, ‘স্থানীয় নেতা শাজাহান মণ্ডলের ইন্ধন ও উসকানিতে কয়েকশো মানুষ আমার গাড়ি ঘেরাও করে। যারা ত্রাণসামগ্রী লুঠ করে তারা আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমাকে ধাক্কা দিয়েছে, দেহরক্ষী উসমান শেখ ও সাবির শেখকেও ব্যাপকভাবে মারধর করা হয়। তাদের ধাক্কায় আমার পা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল’ বলেও মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তব্য করেন।     গোটা বিষয়টি তিনি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের জানিয়েছেন।

জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম বলেন, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের শাসকদল তৃণমূল সরকারের মন্ত্রী কিন্তু তা সত্ত্বেও তৃণমূল নেতা-কর্মীদের হাতে তিনি যেভাবে লাঞ্ছিত, হেনস্থা ও নিগ্রহের শিকার হয়েছেন তা অত্যন্ত নিন্দনীয়।         

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/ ১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।