তেল চোরাচালান
পারস্য উপসাগরে ১১ ক্রু’সহ বিদেশী জাহাজ আটক করেছে আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি পারস্য উপসাগরীয় অঞ্চলে হাজার হাজার লিটার জ্বালানি তেল চোরাচালানের সাথে জড়িত একটি বিদেশী জাহাজ আটক করেছে। জাহাজে থাকা সব ক্রু সদস্যদের গ্রেফতার করা হয়েছে বলে ইরানের বিচার বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের বিচার বিভাগের প্রধান মোজতাবা ঘহরামানি গতকাল (শনিবার) জানিয়েছেন, আইআরজিসির নৌ ইউনিট হরমোজগানের দক্ষিণে পারসিয়ান কাউন্টিতে ২ লাখ ২০ হাজার লিটার জ্বালানি তেল বহনকারী বিদেশী জাহাজটিকে আটক করেছে।
তিনি বলেন, আইআরজিসির নৌ ইউনিট জ্বালানি তেল বহনকারী একটি বিদেশী জাহাজ পারস্য উপসাগরের পানিসীমায় আটক করেছে। ’জাহাজটিতে থাকা ২ লাখ ২০ হাজার লিটার তেল জব্দ করার পাশাপাশি এর ১১ বিদেশী ক্রুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত ও সার্বিক আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এসব ক্রু নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকবে বলেও জানান তিনি। তবে জাহাজটি কখন আটক করা হয়েছে এবং জাহাজ ও নাবিকরা কোন দেশের তা স্পষ্ট করে জানাননি গহরামানি।
ঘহরামানি বলেন, আইআরজিসি ২০,০০০ লিটার ডিজেল বহনকারী একটি ইরানী নৌকাও জব্দ করেছে যেটি বিদেশী জাহাজে জ্বালানি সরবরাহ করতে চেয়েছিল এবং এর তিন ক্রুকে আটক করা হয়েছে। জব্দ করা জ্বালানি হরমোজগানের তেল শোধনাগারে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, "বিদেশিদের সঙ্গে জোগসাজসে জাতীয় সম্পদ লুণ্ঠনকারী জ্বালানী চোরাকারবারিদের এ ধরনের অপরাধমূলক কাজ বিচার বিভাগের কর্মকর্তাদের দৃষ্টি থেকে আড়াল করা যাবে না এবং এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতি কোনো ধরনের নমনীয়তা ছাড়াই কঠোর শাস্তি দেওয়া হবে।"#
পার্সটুডে/এমবিএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।